ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন, ১৯ নভেম্বর চালু

আগামী ১৯ নভেম্বর থেকে পাবনা-ঢাকা-পাবনা রুটে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে। রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশ রেলওয়ের এ সংক্রান্ত প্রস্তাব গত ৪ নভেম্বর অনুমোদন করেছে।

আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুমোদিত প্রস্তাবনা অনুযায়ী, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এবং ঢাকা পৌঁছাবে বেলা ২টা ১০ মিনিটে। অন্যদিকে, ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ বেলা ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশে ছেড়ে যাবে এবং পাবনা পৌঁছাবে রাত ৯টা ২০ মিনিটে।

মন্ত্রণালয় জানায়, ট্রেনটি আপ ও ডাউন উভয় পথে দাশুরিয়া, ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর এবং ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ নভেম্বর অপরাহ্নে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম পাবনা রেলওয়ে স্টেশন থেকে ওই ট্রেন দু’টি উদ্বোধন করবে। এর মাধ্যমে ঢাকা-পাবনা-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

বর্তমান সরকারের নির্বাচনি ইশতিহারের সঙ্গে সংগতি রেখে সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার অংশ হিসেবে ওই ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। নতুন এ ট্রেন চালুর মধ্য দিয়ে ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর রেল যোগাযোগ সংযোজন হতে যাচ্ছে।

জাতীয়