শুধু খেলা নয়, শিল্প-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: শিশু-কিশোরদের প্রধানমন্ত্রী

প্রত্যেক শিশু বাংলাদেশের একজন দূত বলেও বর্ণনা করেন সরকার প্রধান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বাংলাদেশকে বিশ্বের বুকে শক্তিশালী দেশ হিসেবে পরিচিত করতে শিশু-কিশোরদের শুধু খেলাধুলা নয়, শিল্প-সংস্কৃতিতেও দক্ষ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

খুলনা জেলা স্টেডিয়ামে বৃহস্পতিবার বিকালে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানিয়ে শিশুদের উদ্দেশে বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, আর্ট কালচার, স্পোর্টস সব করতে হবে ঠিক আছে। বাংলাদেশ তোমাদের।

“আজকে থেকে সবাই মনে মনে লিখে নাও, এই বাংলাদেশ তোমাকে গড়তে হবে। এই বাংলাদেশ তোমাকে তৈরি করতে হবে। এই বাংলাদেশকে পৃথিবীর বুকে তোমাকে শক্তিশালী হিসেবে দাঁড় করাতে হবে। প্রত্যেকে তোমরা একজন বাংলাদেশের অ্যাম্বেসেডার। তোমরা প্রত্যেকে একেকজন বাংলাদেশের মালিক।”

বিকাল ৩টা ৪৫ মিনিটে জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস এর দ্বিতীয় আসরের এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। একইসঙ্গে সারাদেশের ৫০৩টি ‍উপজেলাও একযোগে এই প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।

প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতে গ্যালারিতে থাকা শিশু-কিশোরদের ‘ছোট বন্ধুরা’ অভিহিত করেন। তিনি বলেন, “কিছুক্ষণ আগে তোমরা যে অনুষ্ঠান (সাংস্কৃতিক অনুষ্ঠান) দেখেছ, তোমাদের বয়সি যারা আছ, এরকম বয়সি তোমাদের বন্ধু বান্ধবরা, সহকর্মী কিন্তু এখানে অনুষ্ঠান করেছে। কেমন লেগেছে? ভালো লেগেছে?

“ওরা কিন্তু সবাই বিকেএসপির। ওরা বিভিন্ন খেলাধুলাতে এক্সপার্ট। ঠিক একইভাবে দেখ, ওরা কিন্তু বিভিন্ন রকম কালচারাল শো করে দেখিয়েছে। কেউ নাচ করেছে, কেউ অ্যাক্রোবেট করেছে, কেউ বিভিন্ন রকম অনুশীলন করেছে। তার মানে কি দাঁড়াল? তার মানে যে তোমরা পারো। তোমরা যেরকম পড়ালেখা করতে পারো, খেলাধুলা করতে পারো, একইভাবে আর্ট এন্ড কালচারও তোমরা পারো।

“ছোট বন্ধুরা তোমাদেরকে পারতে হবে। কারণ এই বাংলাদেশটা এখন তোমাদেরকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। সে জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি, তোমরা প্রত্যেকে লেখাপড়া যেরকম তোমাদেরকে আমরা ব্যবস্থা করব যাতে ভালোভাবে লেখাপড়া করতে পারো। কিন্তু শুধু লেখাপড়া করলে চলবে না। লেখাপড়া করে যেরকম কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আর্কিটেক্ট হবে, কেউ ল’ইয়ার হবে; একইভাবে আমাদের বিকেএসপির ছোট বন্ধুরা যেরকম দেখেছ খেলাধুলা, কালচার আর্ট একসাথে পারছে। আমাদের প্রত্যেক ছোট বন্ধুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, আর্ট-কালচার জানতে হবে।”

“তুমি শুধু লেখাপড়া দিয়ে বিশ্বকে জয় করতে পারবা না। বিশ্বকে জয় করতে হলে তোমাকে লেখাপড়া জানতে হবে, আর্ট জানতে হবে, কালচার জানতে হবে, স্পোর্টস জানতে হবে। আছ নাকি আমার সাথে তোমরা?”

এ সময়ে গ্যালারিতে বসা শিক্ষার্থীরা সমস্বরে ‘হ্যাঁ’ সূচক জবাব দিলে প্রধানমন্ত্রী বলেন, “এই যে নতুন কুঁড়ি স্পোর্টসের সিজন-২ শুরু হল, জুন মাসে যেটার ফাইনাল হবে। এই সিজন-২ তে এখন পর্যন্ত তোমরা জানো কত ছোট বন্ধুরা পার্টিসিপেট করেছে? ১৬ লক্ষ।

“কাজেই তোমরা কিন্তু প্রমাণ করে দিয়েছ যে তোমরা পারো। এখন আমাদের দায়িত্ব হচ্ছে আস্তে আস্তে তোমাদের জন্য সেই সুযোগ সৃষ্টি করা, সেই পরিস্থিতি সৃষ্টি করা। তোমরা যদি সব আমার সাথে থাকো, আমি তোমাদের জন্য ইনশাআল্লাহ সেই সুযোগ, সেই পরিস্থিতি আস্তে আস্তে সৃষ্টি করব।”

শিশু কিশোরদের জন্য তৃতীয় একটি ভাষা শেখার ব্যবস্থা করতে চান জানিয়ে তারেক রহমান বলেন, “তোমরা যেরকম বাংলা বলবে, ইংরেজিতে বলবে, সাথে সাথে আরও ছয় সাতটা ল্যাঙ্গুয়েজ থাকবে। সেই ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদেরকে একটা করে বেছে নিতে হবে।”

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহফুজুল হক খান এবং নতুন কুঁড়িতে অংশগ্রহণকারী দুই ক্ষুদে ক্রীড়াবিদ বক্তব্য দেন।

মসনদে টান ওদের, দমবন্ধ কিন্তু আমাদেরই

ল্যাবে কি ঘুমিয়ে আছে পূর্ণ শিক্ষিত রোবট?

পশুপাখির প্রতি নিষ্ঠুরতা: নিজের পায়ে কুড়াল মারার দীর্ঘ ইতিহাস

তীব্র তাপপ্রবাহ: অনাগত প্রজন্মের জন্য নীরব বিপদ

জাতীয়