ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণের শব্দ, ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েকটি বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার রাতে পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

আটকরা হলেন— নাটোরের রেজাউল করিম (৪২), রাজশাহীর সোহেল রানা (৩৩) ও গোপালগঞ্জের নাজমুল সাদ (৩৩)।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া যায়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক মাইনুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ঘটনাস্থল থেকে উদ্ধার আলামত দেখে মনে হচ্ছে সেগুলো ‘চকলেট বোমা’র মতো কিছু একটা।

ঢাবি প্রক্টর ইসরাফিল রতন বিষয়টি নিশ্চিত করে জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছয় থেকে সাতটি স্থানে আট থেকে নয়টি বিস্ফোরণ ঘটানো হয়েছে।

তিনি বলেন, ‘কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা আমরা জানি না। ঘটনাস্থলে কিছু খোসা পাওয়া গেছে, যা খুব একটা বিপজ্জনক হওয়ার মতো উপাদানে তৈরি নয়। সম্ভবত আতঙ্ক সৃষ্টির জন্য এটি করা হয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি।’

প্রত্যক্ষদর্শী শাহরিয়ার মোস্তাক দিদার জানান, শিক্ষার্থীরা টিএসসি এলাকা থেকে ওই তিন ব্যক্তিকে আটক করেন।

তিনি আরও বলেন, আটকের পর ওই ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে শিক্ষার্থীরা তাদের মারধর করে এবং পরে পুলিশের কাছে সোপর্দ করে।

জাতীয়