ব্রাজিলে দ্বিতীয় ‘মেইড ইন বাংলাদেশ এক্সপো’ আগামী মার্চে

এই প্রদর্শনীর মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্ভাবনা আরও বাড়বে বলে আশা করছেন আয়োজকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বাংলাদেশের পণ্য প্রদর্শন, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ তৈরি এবং নতুন বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে ‘মেইড ইন বাংলাদেশ এক্সপো’র দ্বিতীয় আয়োজন হতে যাচ্ছে ব্রাজিলে।

ব্রাজিল বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) জানিয়েছে, আগামী বছরের ২২ থেকে ২৫ মার্চ ব্রাজিলের সাও পাওলো শহরের প্রো ম্যাগনো সেন্ট্রো দে ইভেন্টোসে এ প্রদর্শনী হবে।

সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ব্রাজিলে বাংলাদেশের পণ্য রপ্তানি হয়েছে প্রায় ১৮ কোটি ৭০ লাখ ডলারের, যা আগের অর্থবছরের ১৪ কোটি ৭০ লাখ ডলারের তুলনায় প্রায় ২৬ শতাংশ বেশি। একই অর্থবছরে বাংলাদেশের মোট পণ্য রপ্তানির পরিমাণ ছিল প্রায় ৪ হাজার ৮২৮ কোটি ডলার।

বাংলাদেশে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস সংবাদ সম্মেলনে বলেন, “চার বছর আগে আমি এখানে আসার পর থেকেই বাংলাদেশ ও ব্রাজিলের দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিক উন্নতি লক্ষ্য করছি। বিশেষ করে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।”

ব্রাজিলে বাণিজ্যিক বাধা ও শুল্ক কমানোর কার্যকর উপায় হিসেবে দেশটির ব্যবসায়ীদের সঙ্গে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রদূত। তবে এ ক্ষেত্রে দুই পক্ষকেই পরিপক্ব ও বাস্তবমুখী হতে হবে বলে মন্তব্য করেন তিনি।

বিবিসিসিআইয়ের মহাসচিব মো. জয়নাল আবদিন বলেন, দ্বিতীয় ‘মেইড ইন বাংলাদেশ এক্সপো’র মূল উদ্দেশ্য বাংলাদেশের পণ্যকে লাতিন আমেরিকার বাজারে আরও পরিচিত করা এবং ওই অঞ্চলের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ করা।

তিনি বলেন, ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের পরিচিতি থাকলেও লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক তুলনামূলকভাবে সীমিত।

“সেই লক্ষ্যেই দ্বিতীয়বারের মতো ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্সের উদ্যোগে ‘মেইড ইন বাংলাদেশ এক্সপো’ আয়োজন করা হচ্ছে।”

বিবিসিসিআই জানিয়েছে, প্রদর্শক ও ব্যবসায়িক প্রতিনিধিরা ৯ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। এরপর ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত নিয়মিত নিবন্ধন চলবে।

বিবিসিসিআইয়ের পরিচালক আফাফ মুস্তাহিল হক এবং ভেনচুর গ্লোবালের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মজুরি বাড়াতে প্রতিবার কেন রাস্তায় নামতে হয়?

মাটি বাঁচলে দেশ বাঁচবে: আন্তালিয়ার জন্য পাঁচটি প্রস্তাব

প্যাকেটের বর্জ্য, উৎপাদকের দায়িত্ব

সামান্তাদের বিদায়: তরুণদের রাজনীতির স্বপ্নে ভাঙন

জাতীয়