মুমিনের ১৫২ আর তামিমের ৭ উইকেটে সেমিতে বাংলাদেশ

আহসান আল মুমিনের বিধ্বংসী ইনিংসের পর, বল হাতে মালয়েশিয়াকে গুঁড়িয়ে দিলেন তাফিউল আলম তামিম।

আহসান আল মুমিন (বাঁয়ে) ও আলআমিন হোসেন। ছবি: বিসিবি ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

দেড়শ ছোঁয়া ইনিংসে বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দিলেন আহসান আল মুমিন। পরে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিলেন তাফিউল আলম তামিম। পাত্তাই পেল না মালয়েশিয়া।

যুব এশিয়া কাপে 'বি' গ্রুপের শেষ ম্যাচে ২০৫ রানে জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে সোমবার ৩০৪ রানের লক্ষ্যে স্রেফ ৯৮ রানে গুটিয়ে যায় মালয়েশিয়া।

তিন ম্যাচে দুই জয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে সেমি-ফাইনালের টিকেট পেল বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন দল (ভারত অথবা পাকিস্তান)।

মালয়েশিয়ার ওয়ানডে স্ট্যাটাস না থাকায়, এই ম্যাচেরও নেই যুব ওয়ানডে স্বীকৃতি। নতুবা যুব ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বড় জয় হতে পারত এটি।

যুব এশিয়া কাপের ইতিহাসে এর চেয়ে বড় জয় আছে আর একটি। গত বছর সংযুক্ত আরব আমিরাতকে ২৩৪ রানে হারিয়েছিল ভারত।

মালয়েশিয়াকে গুঁড়িয়ে স্রেফ ১৮ রানে ৭ উইকেট নেন তামিম।

যুব এশিয়া কাপে তামিমের চেয়ে সেরা বোলিং আছে শুধু একজনের। পাকিস্তানের মাঠে ২০০৩ সালের টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে ১৬ রানে ৯ উইকেট নিয়েছিলেন ভারতের সাবেক পেস বোলিং অলরাউন্ডার ইরফান পাঠান।

তামিমের তোপের আগে বিধ্বংসী ইনিংস খেলেন মুমিন। চার নম্বরে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ১৩৩ বলে ১৫২ রান করেন বাংলাদেশের সহ-অধিনায়ক। ১০ চার ও ৬ ছক্কায় সাজানো তার ইনিংসটি।

সেঞ্চুরির পর আহসান আল মুমিনের উদযাপন। ছবি: বিসিবি ফেইসবুক

রান তাড়ায় শুরু থেকে নিয়মিত উইকেট হারায় মালয়েশিয়া। পাওয়ার প্লের মধ্যে তাদের ৫ উইকেট নিয়ে বড় জয়ের পথ তৈরি করে ফেলে বাংলাদেশ।

কিছুটা প্রতিরোধ গড়েন পাঁচ নম্বরে নামা নাগিনেশ্বরন সাথনাকুমারান। তবে অন্যপাশে সমর্থন পাননি তিনি। নবম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ৩ চার ও ২ ছক্কায় ৮১ বলে ৫০ রান করেন নাগিনেশ্বরন।

মালয়েশিয়ার পাঁচ ব্যাটসম্যান রানের খাতাই খুলতে পারেননি। তামিমের ৭ উইকেট ছাড়া রুবাই ইসলাম রিজন পান ২ উইকেট।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। রানের চাকা সচল রাখলেও কেউ ইনিংস টেনে নিতে পারেননি। শুধু ব্যতিক্রম চার নম্বরে নামা মুমিন।

পঞ্চম ওভারে ক্রিজে গিয়ে দারুণ দৃঢ়তায় খেলতে থাকেন তিনি। অন্য প্রান্তে একের পর এক ব্যাটসম্যান ফিরে গেলে ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

সপ্তম উইকেটে রবিউল হাসান অনিকের সঙ্গে ৭৯ রানের জুটি গড়েন মুমিন। চমৎকার ব্যাটিংয়ে ৪৯ বলে ফিফটি তুলে নেন তিনি। দলকে দুইশ পার করিয়ে ফেরেন ৪৮ বলে ৪৫ রান করা অনিক।

এরপর রিজনও দ্রুত ফিরে গেলে আবার চাপে পড়ে বাংলাদেশ। তবে নবম উইকেট জুটিতে পুরো দায়িত্ব নিজের কাঁধে নেন মুমিন। আল আমিন হোসেনের সঙ্গে গড়েন ৭৯ রানের জুটি। যেখানে তার একার অবদান ৬৮ রান।

ছক্কা মেরে ১০২ বলে সেঞ্চুরিতে পৌঁছান মুমিন। পরের বলও ছক্কায় উড়িয়ে সেঞ্চুরির প্রলম্বিত উদযাপনই যেন সারেন তিনি।

আগামী বৃহস্পতিবার সেমি-ফাইনাল খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ জানা যাবে মঙ্গলবার।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ৩০৩/৮ (মুহি ২২, সিয়াম ৮, রনি ৬, মুমিন ১৫২*, ফরিদ ১৭, রাফি ২১, সাদিক ১৬, অনিক ৪৫, রিজন ০, আলআমিন ৮*; নাগিনেশ্বরন ১০-০-৬৬-২, আসিরাফ ৯-০-৬৮-২, আরিয়ান ১০-০-৪৮-১, নুরহানিফ ৭-০-৪০-১, গুনাওয়ান ৮-০-৪৮-২, সায়াহমি ৬-০-৩১-০)

মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯: ৩০.৫ ওভারে ৯৮ (আকিল ০, মিকাইল ২, তাকিউদ্দিন ২০, পাট্রো ০, নাগিনেশ্বরন ৫০, সায়াহমি ০, হাজিক ১৩, নুরহানিফ ২, আরিয়ান ০, আসিরাফ ০*, গুনাওয়ান ০; রিজন ৫-১-২১-২, তামিম ৭.৫-২-১৮-৭, আলআমিন ৬-০-৪০-০, রাফি ৬-২-১০-১, সিয়াম ৩-০-৬-০, সাদিক ৩-২-৩-০)

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২০৫ রানে জয়ী

মজুরি বাড়াতে প্রতিবার কেন রাস্তায় নামতে হয়?

মাটি বাঁচলে দেশ বাঁচবে: আন্তালিয়ার জন্য পাঁচটি প্রস্তাব

প্যাকেটের বর্জ্য, উৎপাদকের দায়িত্ব

সামান্তাদের বিদায়: তরুণদের রাজনীতির স্বপ্নে ভাঙন

জাতীয়