খসড়া চূড়ান্তের পর উচ্চ পর্যায়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নেবে দুই দেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) খসড়া আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার বিষয়ে ঐকমত্যে পৌঁছার তথ্য দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
সচিবালয়ে মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি হুনের দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে মতৈক্য হয়।
তথ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, খসড়া চূড়ান্ত হওয়ার পর উচ্চ পর্যায়ে আনুষ্ঠানিক স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হবে। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে সিইপিএ দ্রুত চূড়ান্ত করার আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত।
তিনি জানান, চুক্তির খসড়া ও বিস্তারিত প্রশ্নমালার বিষয়ে দক্ষিণ কোরিয়া এরই মধ্যে বাংলাদেশকে নিজেদের অবস্থান জানিয়েছে। বৈঠকে চুক্তি চূড়ান্তকরণ ও পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
কোরিয়ান বিনিয়োগ বাড়ানোর আলোচনায় দেশটিকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন খন্দকার আব্দুল মুক্তাদির। বিনিয়োগকারীদের নীতিগত সমস্যা দ্রুত সমাধানে শিগগিরই বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অর্থ মন্ত্রণালয় ও কোরিয়ান বিনিয়োগকারীদের নিয়ে যৌথ সমন্বয় সভা আয়োজন করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী কোরিয়ান বিনিয়োগকারীদের পরিচালনাগত ও আমদানি সংক্রান্ত সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন। একই সঙ্গে জাহাজ নির্মাণ খাতে যৌথ বিনিয়োগ এবং স্থানীয় প্রকৌশলী ও জনবলকে কাজে লাগাতে বাংলাদেশে বিশেষায়িত ‘ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার’ গড়ে তোলার প্রস্তাব দেন তিনি।
রাষ্ট্রদূত বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী প্রায় ২০০ কোরিয়ান কোম্পানির বিভিন্ন পরিচালনাগত চ্যালেঞ্জ তুলে ধরেন। বিশেষ করে স্যামসাং এর গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) সেন্টারের গবেষণাসামগ্রী ও নমুনা আমদানিতে প্রশাসনিক জটিলতা, আমদানি পারমিট (আইপি) ছাড়করণে দীর্ঘসূত্রতা এবং কাস্টমস নীতিমালা সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার অনুরোধ জানান তিনি।
এর পরিপ্রেক্ষিতে স্যামসাংসহ কোরিয়ান বিনিয়োগকারীদের আমদানি সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসনে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশনা দেন খন্দকার আব্দুল মুক্তাদির।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভিসা প্রক্রিয়া সহজের পাশাপাশি আইপি ইস্যুর কার্যক্রম সম্পূর্ণ অনলাইন ও রিয়েল টাইমে সম্পন্ন করার কাজ চলছে।
বৈঠকে বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, অতিরিক্ত সচিব (ডব্লিউটিও) খাদিজা নাজনীনসহ মন্ত্রণালয়ের জেষ্ঠ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মজুরি বাড়াতে প্রতিবার কেন রাস্তায় নামতে হয়?
মাটি বাঁচলে দেশ বাঁচবে: আন্তালিয়ার জন্য পাঁচটি প্রস্তাব
প্যাকেটের বর্জ্য, উৎপাদকের দায়িত্ব
সামান্তাদের বিদায়: তরুণদের রাজনীতির স্বপ্নে ভাঙন

