অবৈধ জালের ব্যবহারে উপকূলে মাছের উৎপাদন কমেছে ৩০-৪০ শতাংশ: প্রাণিসম্পদমন্ত্রী

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বিপন্ন মাছের প্রজাতি সংরক্ষণ সহজ করতে কারেন্ট জালসহ সব ধরনের অবৈধ মাছ ধরার জালের ব্যবহার বন্ধে সরকার কঠোর উদ্যোগ নিয়েছে। অবৈধ মাছ ধরার জালের মাধ্যমে নির্বিচারে মাছ শিকারের কারনে উপকূলীয় অঞ্চলে ইতোমধ্যে মাছের উৎপাদন ৩০ থেকে ৪০ শতাংশ কমে গেছে।

আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, ‘মৎস্য অধিদপ্তর মাছের অভয়াশ্রম স্থাপন, বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, বিলে নার্সারি স্থাপন এবং হাওর অঞ্চলের সাতটি জেলায় প্রতিবছর ৩০ দিন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।’

চিফ হুইপ নূরুল ইসলাম মনির এক সম্পূরক প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘এক শ্রেণির অসাধু জেলে কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত নদীর মোহনা ও উপকূলীয় এলাকায় ট্রলিং পদ্ধতিতে নির্বিচারে মাছ শিকার করছে। এ পদ্ধতিতে নৌযান থেকে টেনে জাল ফেলে মাছ ধরা হয়। এতে দেশের বিভিন্ন প্রজাতির মাছ ধ্বংস হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ পদ্ধতি বন্ধ করা হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের উপকূলীয় জলসীমায় অবৈধ বটম ট্রলিং মাছের প্রজননক্ষেত্র ধ্বংস করছে, মাছের মজুত কমিয়ে দিচ্ছে এবং ক্ষুদ্র মৎস্যজীবীদের অর্থনৈতিক সংকটের মুখে ঠেলে দিচ্ছে। এতে সামুদ্রিক জীববৈচিত্র্য, খাদ্যনিরাপত্তা ও দেশের ব্লু-ইকোনমি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।’

তিনি বলেন, ‘মাছের সুরক্ষা ও সংরক্ষণে সরকার ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) আইন, ২০২৬’ প্রণয়ন করেছে। এ ছাড়া সারা দেশে মোট ৮২৭টি মাছের অভয়াশ্রম স্থাপন করা হয়েছে।’

জাতীয়