জামিনে মুক্ত হলেও আরব আমিরাত ছাড়তে পারবেন না বেনজীর

চলমান প্রত্যর্পণ কার্যক্রম চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত ছাড়তে পারবেন না সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

দেশটির ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) এক চিঠিতে বাংলাদেশের সেন্ট্রাল ব্যুরোকে বিষয়টি অবহিত করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ মঙ্গলবার সন্ধ্যায় সংসদে মন্ত্রী জানান, গত ৯ সেপ্টেম্বর এনসিবি-আবুধাবির একটি পত্র এনসিবি-ঢাকায় গৃহীত হয়েছে।

মন্ত্রী বলেন, ‘চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের পাবলিক প্রসিকিউটরের আদেশে বেনজীর আহমেদ জামিনে মুক্ত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের উপযুক্ত কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ব্যক্তির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। চলমান প্রত্যর্পণ কার্যক্রম চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।’

২০২৬ সালের ১২ জুন সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) জানায়, বেনজীর আহমেদ দেশটিতে গ্রেপ্তার হয়েছেন।

সালাহউদ্দিন বলেন, প্রত্যপর্ণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। শুধু ইন্টারপোলের রেড নোটিশ বা সংশ্লিষ্ট ব্যক্তির গ্রেপ্তারের মাধ্যমে প্রত্যপর্ণ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয় না। অনুরোধপ্রাপ্ত রাষ্ট্রের সেন্ট্রাল অথরিটি ও আদালত সেই দেশের আইন অনুযায়ী প্রত্যপর্ণ অনুরোধ অপরাধের প্রকৃতি, গ্রেপ্তারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনগত শর্ত পরীক্ষা করে সিদ্ধান্ত নেয়।

তিনি বলেন, বেনজীর আহমেদ কর্তৃক পাসপোর্ট জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন পৃথকভাবে একটি মামলা করেছে। মামলায় বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে।

মন্ত্রী জানান, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারণপূর্বক প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, দুর্নীতি দমন কমিশন কর্তৃক বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে বিদেশে অবস্থিত সম্পদের বিষয়ে সংশ্লিষ্ট দেশসমূহে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে।

মন্ত্রী বলেন, সুস্পষ্টভাবে উল্লেখ করা প্রয়োজন, কোনো ব্যক্তির জামিন প্রাপ্তি প্রত্যাপর্ণ কার্যক্রমের সমাপ্তি নির্দেশ করে না। একইভাবে, প্রত্যাপর্ণ সম্পন্ন করতে কিছু আইনগত ও বিচারিক ধাপ অতিক্রমের প্রয়োজন হওয়াকে সরকারের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা হিসেবে বিবেচনা করাও যথাযথ হবে না।তিনি বলেন, বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাপর্ণ অনুরোধ পাঠিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের চাহিদা অনুযায়ী অতিরিক্ত নথিপত্র দিয়েছে, স্থানীয় আইনজীবী নিয়োগ করেছে এবং তার অবস্থান ও চলাচল সম্পর্কে নিয়মিত অনুসন্ধান ও সমন্বয় অব্যাহত রেখেছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার আইনের শাসন, যথাযথ বিচারিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। যাচাইহীন তথ্যের পরিবর্তে নির্ভরযোগ্য আনুষ্ঠানিক তথ্যের ভিত্তিতে এবং সংশ্লিষ্ট রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য সম্ভাব্য সব আইনগত, কূটনৈতিক ও আন্তর্জাতিক পুলিশি পদক্ষেপ অব্যাহত রাখা হবে।

জাতীয়