তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করলেন বিশ্বনেতারা | Boishakhi Online

চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আমিন

উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন

ঠিকানা বৈশাখী মিডিয়া লিমিটেড ৩২, মহাখালী বাণিজ্যিক এলাকা, লেভেল – ৭, ঢাকা-১২১২ টেলিফোনঃ ৫৮৮১৭০০১-৫ ফ্যাক্সঃ ৫৮৮১৭৫৪১ ই-মেইলঃ [email protected]

তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ-৩১) বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব বিশ্বনেতাদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। গণতান্ত্রিক উত্তরণের পর বাংলাদেশের প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের এই নতুন নেতৃত্বকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ বা রূপান্তরমূলক নেতৃত্ব হিসেবে মূল্যায়ন করছেন।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় সম্মেলনস্থলের বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, বুধবার কপ-৩১-এর উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী চীন ও উজবেকিস্তানের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে জ্বালানি, অবকাঠামো, ভারী শিল্প ও কর্মসংস্থান খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপন, বাংলাদেশ-চীন-মিয়ানমার আঞ্চলিক অর্থনৈতিক করিডর গড়ে তোলা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে বেইজিংয়ের সহযোগিতা চাওয়া হয়েছে।

অন্যদিকে, উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু ও ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে কথা হয়। উজবেক প্রেসিডেন্টের আমন্ত্রণে সাড়া দিয়ে আগামী বছরের যেকোনো সময় দেশটি সফরের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

দিনব্যাপী ব্যস্ত সূচিতে ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট; মলদোভা, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রী; ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। বিশ্বনেতারা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও নির্বাচনি ম্যান্ডেটের জন্য তাঁকে অভিনন্দন জানান এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেন।

হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী ব্রাজিলের প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং মালদ্বীপের প্রেসিডেন্টও শিগগির বাংলাদেশে আসার আগ্রহ দেখিয়েছেন। সিরিয়ার পুনর্গঠন, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বাংলাদেশের সহায়তা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট। এ ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি, কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব এবং ওআইসি মহাসচিবের সঙ্গে ফিলিস্তিন ইস্যুতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়ে আলোচনা হয়। দীর্ঘদিন লন্ডনে অবস্থানের সুবাদে লন্ডনের মেয়রের আগ্রহে তাঁর সঙ্গেও প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

এর আগে মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা রাখার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, মুসলিম বিশ্বে শান্তি স্থাপনে সেই অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ তৈরি হলে জাতীয় স্বার্থ বিবেচনায় ঢাকা তা ইতিবাচকভাবে গ্রহণ করবে।

জাতীয়