উৎসবমুখর পরিবেশে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের ভোটগ্রহণ চলছে

উৎসবমুখর পরিবেশে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এরপর সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে গণনা।

এবারের আইইবি নির্বাচনে দুটি প্যানেল ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে ৪৬টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রকৌশলী নুরুল করিম-রাশেদ এবং প্রকৌশলী মানজারে-মেসবাহ প্যানেলের মধ্যে এবারের মূল ভোটযুদ্ধ চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটাররা লাইনে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করছেন।

সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম কেন্দ্রে প্রায় ৩ হাজার ৪০০ প্রকৌশলী ভোটার রয়েছেন। এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) হয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম, সেক্রেটারি পদে প্রকৌশলী রাশেদ এবং কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার সেলিম মো. জানে আলম।

অপরদিকে জামায়াতে ইসলামী সমর্থিত ফোরাম অব ইঞ্জিনিয়ার্স থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ আলম এবং সেক্রেটারি পদে প্রকৌশলী মেজবাহ উদ্দিন। এর বাইরে চেয়ারম্যান ও সেক্রেটারি পদে আরো দুজন স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে।

বিএনপি সমর্থিত প্যানেলের চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী নুরুল করিম বলেন, উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছেন। দুই প্যানেলের মধ্যেই সম্প্রীতি ও সৌহার্দ্য বিরাজ করছে। জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।

কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, ‘এতটা উৎসবমুখর পরিবেশে আগে কখনো আইইবিতে ভোটগ্রহণ হয়নি। ভোটাররা নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছেন। পূর্ণ প্যানেলে আমরা জয়লাভ করব।’

জামায়াত সমর্থিত প্যানেলের চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী মানজারে খোরশেদ আলম বলেন, ‘সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। প্রকৌশলীরা বাধাহীনভাবে ব্যালটে তাদের রায় দিচ্ছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এভাবে চলতে থাকলে আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’

জাতীয়