ঢাকাবাসীর জন্য পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন তিনি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ জানান, সভায় রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় গঠিত কমিটির কাজ আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেন তারেক রহমান।
রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং বাসিন্দাদের জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের বিষয়ে সভায় আলোচনা হয়।
এ ছাড়া কমিটির কার্যক্রম, এ পর্যন্ত বাস্তবায়িত উদ্যোগ ও ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনার অগ্রগতিও পর্যালোচনা করা হয়।
সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী ও সরকারের বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

