ঢাকা-১৩ আসনে ১৫ স্থানে ৮০ ক্যামেরা স্থাপন, এআই প্রযুক্তিতে নজরদারির উদ্যোগ

ঢাকার মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে ১৫টি গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আগামী এক বছরের মধ্যে ক্যামেরার সংখ্যা কয়েক শ-তে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি বিপুলসংখ্যক ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে এক প্রেস ব্রিফিংয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ এসব পরিকল্পনার কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, 'অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে প্রযুক্তির কার্যকর ব্যবহার, পরিকল্পিত নজরদারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপরাধ প্রতিরোধ করতে চায় সরকার। মোহাম্মদপুর ও ঢাকা-১৩ এলাকাকে নিরাপদ, সুশৃঙ্খল ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।'

তিনি জানান, বসিলা চৌরাস্তা, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, আসাদগেটসহ গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে উচ্চ রেজল্যুশন ও জুম সুবিধাসম্পন্ন ক্যামেরা স্থাপন করা হয়েছে। মোহাম্মদপুর, আদাবর ও আশপাশের থানার পুলিশের দেওয়া অপরাধপ্রবণ এলাকার তথ্যের ভিত্তিতে ক্যামেরা স্থাপনের স্থান নির্ধারণ করা হয়েছে। জেনেভা ক্যাম্পের প্রবেশপথগুলোতেও বিশেষায়িত গোপন ক্যামেরা বসানো হয়েছে।

ববি হাজ্জাজ বলেন, 'এসব ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জুলাই স্মৃতি জাদুঘরে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সহায়তা পেয়েছে।'

নজরদারি ব্যবস্থার আওতা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, 'শুধু পুলিশ ও ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় নয়, স্থানীয় জনগণকেও নিরাপত্তাব্যবস্থায় যুক্ত করা হচ্ছে। এ লক্ষ্যে ঢাকা-১৩ সংসদীয় এলাকাকে ৭০টি মহল্লায় ভাগ করে মহল্লাভিত্তিক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কমিটিতে মসজিদ ও মন্দির কমিটি, মার্কেট কমিটি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করা হবে।'

তিনি বলেন, 'নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সবার জন্য উন্মুক্ত করা হবে না। সংশ্লিষ্ট থানা, ট্রাফিক বিভাগ এবং দায়িত্বপ্রাপ্ত মহল্লা কমিটির নির্ধারিত প্রতিনিধিরা প্রয়োজন অনুযায়ী এসব ফুটেজ ব্যবহারের সুযোগ পাবেন। পাশাপাশি প্রতিটি বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের উৎসাহিত করা হচ্ছে। এসব ক্যামেরাকে সমন্বিত নজরদারি ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।'

বিপুলসংখ্যক ক্যামেরার ফুটেজ একসঙ্গে পর্যবেক্ষণ পুলিশের জন্য কঠিন হতে পারে উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, 'এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অস্বাভাবিক ও সন্দেহজনক কর্মকাণ্ড দ্রুত শনাক্ত করার ব্যবস্থা গড়ে তোলা হবে। এ ধরনের কর্মকাণ্ড শনাক্ত হলে সংশ্লিষ্ট থানা ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কাছে সতর্কবার্তা পৌঁছে দেওয়া হবে।'

মোহাম্মদপুর ও ঢাকা-১৩ এলাকায় ছিনতাই নিয়ন্ত্রণে অগ্রগতির কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, 'সমন্বিত সিসিটিভি নজরদারি, পর্যাপ্ত সড়কবাতি স্থাপন এবং পুলিশের নিয়মিত তৎপরতায় কয়েকটি অপরাধপ্রবণ স্থানে ছিনতাইয়ের ঘটনা শূন্যের কোঠায় নেমে এসেছে। তবে কিছু বিচ্ছিন্ন স্থানে এখনো অপরাধের প্রবণতা রয়েছে। এসব স্থান চিহ্নিত করে অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট থানাগুলোকে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।'

তিনি বলেন, 'শুধু ক্যামেরা স্থাপন করে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। পুলিশের টহল বৃদ্ধি, জনবল ও লজিস্টিক সক্ষমতা বাড়ানো এবং থানা পুলিশের কার্যক্রম আরও গতিশীল করাও জরুরি। মোহাম্মদপুর থানার বিস্তীর্ণ এলাকার কারণে এক স্থান থেকে অন্য স্থানে পুলিশের দ্রুত পৌঁছাতে সময় লাগে। এ সমস্যা সমাধানে অতিরিক্ত টহল গাড়ি ও প্রয়োজনীয় পুলিশি সক্ষমতা বাড়ানোর বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে।'

এদিকে যানজট কমাতে ঢাকা-১৩ এলাকায় আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী জানান, শিয়া মসজিদ, আসাদগেট এবং ধানমন্ডি ২৭ নম্বর আই হাসপাতালসংলগ্ন এলাকায় আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু রয়েছে। আগামী দুই মাসের মধ্যে ডিআরএমসি স্কুলের পশ্চিম গেট, নূরজাহান রোড ও শম্পা মার্কেটের প্রবেশপথে আরও তিনটি আধুনিক ট্রাফিক নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, ঢাকা-১৩ এলাকায় স্থাপিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ডিএমপির ট্রাফিক বিভাগ নিয়মিত সড়ক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সলিমুল্লাহ রোড থেকে শিয়া মসজিদ, শম্পা মার্কেট থেকে স্কয়ার হাসপাতাল, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও বসিলা চৌরাস্তার মতো গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে। অবৈধ পার্কিং, যত্রতত্র যানবাহন থামানো ও ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভিডিও প্রসিকিউশন কার্যক্রমও পরিচালিত হচ্ছে।

কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি অপরাধের সামাজিক ও অর্থনৈতিক কারণ দূর করার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, 'তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং নতুন ব্যবসায়িক উদ্যোগের সুযোগ সৃষ্টি করতে হবে। এ লক্ষ্যে বসিলা ও বিহারি ক্যাম্পসহ বিভিন্ন এলাকার উন্নয়ন ও পুনর্বাসন নিয়ে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে আলোচনা চলছে।'

এ ছাড়া বিজিএমইএ, এফবিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের সঙ্গে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আলোচনা করা হচ্ছে। বসিলা পলিটেকনিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন উদ্যোগ নিয়েও পরিকল্পনা এগিয়ে চলছে বলে জানান তিনি।

বিহারি ক্যাম্পের মাদক সমস্যা প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, 'ক্যাম্পের প্রবেশ ও বহির্গমন পথগুলো সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশকে এ বিষয়ে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসন ও উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে এসব এলাকার সামাজিক ও অর্থনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।'

প্রতিমন্ত্রী বলেন, 'নিরাপদ মোহাম্মদপুর ও সুশৃঙ্খল ঢাকা-১৩ গড়ে তুলতে জনপ্রতিনিধি, পুলিশ, স্থানীয় জনগণ, ব্যবসায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিকল্পিত নজরদারি, কার্যকর সমন্বয় এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।'

প্রেস ব্রিফিংয়ে ডিএমপির ট্রাফিক-তেজগাঁও বিভাগ, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) প্রতিনিধিসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

জাতীয়