প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষিতে জুলাই অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল সোমবার এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই উদ্যোগ শুরু করতে যাচ্ছে সরকার। পর্যায়ক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ জুলাই আন্দোলনে সক্রিয় অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও এনসিপি সূত্রে এ সব কথা জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘চলমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী জুলাইয়ের পক্ষের দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন। এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু হবে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে।’
এনসিপির যুগ্ম আহবায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, ‘প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে৷ প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে নিয়েছে এনসিপি। গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তিতে হতে হবে বলে মনে করে এনসিপি।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ও দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবেই জুলাইয়ের পক্ষের রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে গত বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বৈঠক হয়।
শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। ২৬ নভেম্বর তিনি দেশে ফেরার পর আগামী ২৭ বা ২৮ নভেম্বর জামায়াতের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকে বসবেন বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের এক নেতা আজকের পত্রিকাকে বলেন, সব দলকে নিয়ে আলোচনায় বসার ক্ষেত্রে আমাদের বক্তব্য হলো, একটি অভিন্ন ভিত্তি বা রেফারেন্স পয়েন্ট থাকতে হবে। সেই ভিত্তি হবে জুলাই সনদ ও গণভোট। এ বিষয়ে সবাই ইতিবাচক অবস্থান নিলে বাকি বিষয়গুলোর সমাধান সহজ হয়ে যাবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র বলছে, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে প্রধানমন্ত্রী জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথমে আলাদা আলাদাভাবে বৈঠক করবেন। পরে সর্বদলীয় বৈঠক হতে পারে।
সূত্র বলছে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে এনসিপির সঙ্গে যোগাযোগ করেছেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। এনসিপির নেতারা বলছেন, বৈঠকে তারা জুলাই গণ-অভ্যুত্থানের পর যেসব কারণে রাজনৈতিক ঐক্য নষ্ট হয়েছে তা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন। এ ছাড়া বিএনপি নেতা কর্মীরা যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছে সে সব বিষয় প্রধানমন্ত্রীকে জানাবেন। একই সঙ্গে গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়নসহ তাদের পাঁচ দফা দাবির বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন এনসিপির নেতারা।

