বাংলাদেশ-চীন সহযোগিতায় ‘নতুন ঢেউ’ হতে পারে ত্রিদেশীয় করিডোর: বিদ্যুৎ সচিব

বিআরআইকে কেন্দ্র করে গত এক দশকে চীন-বাংলাদেশ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন তিনি।

চীনের বিআরআইতে বাংলাদেশের যুক্ত হওয়ার ১০ বছর পূর্তি উপলক্ষে সোমবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠানে কথা বলেন বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

মিয়ানমার হয়ে বাংলাদেশকে যুক্ত করে ত্রিদেশীয় অর্থনৈতিক করিডোর প্রতিষ্ঠার যে প্রস্তাব চীন দিয়েছে, তা বাস্তবায়ন হলে ঢাকা-বেইজিং সহযোগিতার ক্ষেত্রে ‘নতুন ঢেউ লাগবে’ বলে মনে করেন বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ।

চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) বাংলাদেশের যুক্ত হওয়ার ১০ বছর পূর্তি উপলক্ষে সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিআরআইকে কেন্দ্র করে গত এক দশকে চীন-বাংলাদেশ সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরে সচিব বলেন, আঞ্চলিক যোগাযোগের ওপর গুরুত্ব দিতে চায় বাংলাদেশ। সুখের সময়ে যেমন যোগাযোগ দরকার, তেমনি দরকার সংকটের সময়েও।

“বাণিজ্য ও ভৌত যোগাযোগের আলোচনায় চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের বিষয়ে সাধারণভাবে কথাবার্তা হয়েছে। বিশেষ করে, আমাদের প্রধানমন্ত্রীর বেইজিং সফরে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং আমরা এটা করতে চাই। আমরা আশা করি, এটা বাংলাদেশ-চীন সহযোগিতার ক্ষেত্রে নতুন ঢেউ হতে পারে।”

২০১৬ সালে বিআরআইতে যুক্ত হওয়ার পর ১০ বছরে বাংলাদেশে ওই উদ্যোগের অধীনে নেওয়া সহযোগিতার ওপর প্রকাশিত ‘ব্লু পেপার’ এর মোড়ক উন্মোচন করা হয় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ওই অনুষ্ঠানে।

ঢাকায় চীনা দূতাবাসের তত্ত্বাবধানে ‘সিল্ক রোড ধরে স্বপ্নের পথে, একটি জয়-জয় ভবিষ্যৎ গঠন’ শিরোনামে এ অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানে আগামী দিনে অবকাঠামো নির্মাণের পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), নবায়নযোগ্য জ্বালানি, শিল্পায়ন এবং স্থানীয় সক্ষমতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

ঢাকায় চীনের শার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইয়ুইন বলেন, ২০১৬ সালের ১৪ অক্টোবর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফরের সময় স্বাক্ষরিত সমঝোতা স্মারক ছিল দক্ষিণ এশিয়ায় চীনের প্রথম আন্তঃসরকারি বিআরআই চুক্তি।

তিনি বলেন, “আগামী দিনে ‘চীনা প্রযুক্তি ও বাংলাদেশি উৎপাদন’ মডেলের ওপর ভিত্তি করে সহযোগিতা এগিয়ে নেওয়া হবে। এতে চীনের ১৪০ কোটির বেশি মানুষের বাজারে বাংলাদেশের পাট, চামড়া ও কৃষিপণ্য রপ্তানির সুযোগ বাড়ার পাশাপাশি বৈদ্যুতিক গাড়ি, ব্যাটারি এনার্জি স্টোরেজ, ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তিতে নতুন শিল্পোন্নয়নের সুযোগ তৈরি হবে।

পাশাপাশি সবুজ ও স্বল্প-কার্বন রূপান্তর, এআই এবং আইসিটি খাতে যৌথ কাজ জোরদারের কথাও বলেন তিনি।

‘ব্লু পেপারের’ প্রধান গবেষক ও সেন্টার ফর অলটারনেটিভসের নির্বাহী পরিচালক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ মূল প্রবন্ধে বলেন, “বিআরআইয়ের প্রথম দশকে অবকাঠামো খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও আগামী দিনে বিনিয়োগের গুণগত মান, প্রযুক্তি হস্তান্তর ও স্থানীয় সক্ষমতা তৈরিতে বেশি মনোযোগ দিতে হবে।”

অবকাঠামো ও বহুমাত্রিক যোগাযোগ, স্বাস্থ্যসেবা ও ওষুধশিল্প, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, উচ্চপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য জ্বালানি এবং তৈরি পোশাক ও শিল্পায়ন- এ ছয় খাতে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রডরিকস বলেন, “চীনের সঙ্গে মিলে অন্য অনেক দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে ইউএনডিপি। সিডকার সহায়তায় ইউএনডিপি ও স্থানীয় সরকার বিভাগ খুলনা, রাজশাহী, নারায়ণগঞ্জ ও চাঁদপুরের নিম্ন আয়ের প্রায় ৩ লাখ ৮৫ হাজার মানুষের সক্ষমতা ও জীবনমান উন্নয়নে কাজ করছে।”

২০২৯ সালে এলডিসি থেকে উত্তরণ-পরবর্তী টেকসই প্রবৃদ্ধিতে বাংলাদেশ সরকার, চীন ও ইউএনডিপির এই ত্রিপক্ষীয় সহযোগিতা বড় ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আয়েশা আক্তার বলেন, “বস্ত্র ও পোশাক খাতের কাঁচামালের বড় অংশ চীন থেকে আমদানি করা হলেও শুধু আমদানিতে সীমাবদ্ধ না থেকে দেশেই টেক্সটাইল, সুতা, কাপড় ও রপ্তানিমুখী পণ্য উৎপাদনে চীনা বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। এতে স্থানীয় উৎপাদন ও কর্মসংস্থান বাড়বে এবং বাণিজ্য ঘাটতি কমবে।”

অনুষ্ঠানে চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের (সিইএবি) প্রেসিডেন্ট হান খুন বলেন, বিআরআই কেবল অবকাঠামো নির্মাণ বা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নয়, বরং বাংলাদেশের টেকসই উন্নয়নে এটি দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের প্রতিফলন

অনুষ্ঠানে অবকাঠামো, শিল্পায়ন, প্রযুক্তি, জ্বালানি ও পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) সভাপতি মোহা. খোরশেদ আলম।

ইলনের মাস্ক ও বৈশ্বিক গণতন্ত্রের নতুন বিপদ

দায়িত্বের উত্তরাধিকার: পরিবেশ সুরক্ষায় প্রজন্ম থেকে প্রজন্মে

শ্রমিকের মজুরি, মালিকের যুক্তি ও কারখানা বন্ধের রাজনীতি

অগ্নিসহিংসতার সেকাল-একাল, বন্ধ হবে কবে?

জাতীয়