সামনে পাহাড়সম চ্যালেঞ্জ। একদিকে দক্ষিণ আফ্রিকার দুর্ধর্ষ পেস আক্রমণ, অন্যদিকে নিজেদের ব্যাটিংয়ের অনিশ্চয়তা। তার ওপর চোটের কারণে নেই দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। টেনিস এলবোর চোটে ছিটকে গেছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক পেসার হাসান মাহমুদ। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তাসকিন আহমেদকেও বিশ্রামে রাখা হতে পারে। সব মিলিয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে বেশ নড়বড়ে অবস্থানে বাংলাদেশ। জোহানেসবার্গে প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর আজ সেঞ্চুরিয়নে ঘুরে দাঁড়ানোর কঠিন পরীক্ষায় নামবে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচ।
দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনো টেস্ট জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। সবশেষ পাঁচ টেস্টেও জয় নেই। এমন পরিস্থিতিতে সিরিজ বাঁচানোর লড়াইটা যে সহজ হবে নাÑতা বলার অপেক্ষা রাখে না। তবে প্রথম টেস্টের ভুলগুলো শুধরে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দিতে পারলে লড়াইয়ে ফেরার সুযোগ থাকছে।
জোহানেসবার্গে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা ছিল ব্যাটিং। দক্ষিণ আফ্রিকার গতিময় বোলিংয়ের সামনে টেকনিক ও ধৈর্যের পরীক্ষায় বারবার হোঁচট খেয়েছেন ব্যাটাররা। নতুন বল সামলাতে না পারা, অফস্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দেওয়া এবং ক্রিজে থিতু হওয়ার পর ইনিংস বড় করতে না পারার পুরোনো সমস্যাগুলো আবারও সামনে এসেছে। টপ অর্ডারের ব্যর্থতায় মিডল অর্ডারের ওপর চাপ বেড়েছে। তৈরি হয়নি বড় কোনো জুটি। সেঞ্চুরিয়নে তাই ওপেনারদের দায়িত্ব হবে নতুন বলের প্রথম ধাক্কা সামলে ইনিংসের ভিত গড়ে দেওয়া। বিশেষ করে তানজিদ হাসান তামিম ও মাহফিজুল ইসলাম রবিনকে উইকেটের চরিত্র বুঝে খেলতে হবে। শুরুতেই আক্রমণাত্মক হওয়ার চেয়ে প্রথম ঘণ্টা টিকে থাকার মানসিকতা বেশি জরুরি।
তিনে নাজমুল হোসেন শান্ত, চারে মুমিনুল হক, পাঁচে তাওহিদ হৃদয় এবং ছয়ে লিটন দাসের কাছ থেকেও দায়িত্বশীল ব্যাটিং প্রত্যাশা করবে দল। মুশফিকের অনুপস্থিতিতে মিডল অর্ডারের অভিজ্ঞতা ও নির্ভরতার জায়গাটি আরো সংকুচিত হয়েছে। এ শূন্যতা পূরণ করতে হবে বাকিদের সম্মিলিত পারফরম্যান্সে। শুধু উইকেটে টিকে থাকলেই হবে না, সুযোগ বুঝে রানও তুলতে হবে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বোলারদের লাইন-লেংথ নষ্ট করতে সিঙ্গেল নেওয়া, স্ট্রাইক বদল এবং খারাপ বলের সদ্ব্যবহার জরুরি। জাকের আলী অনিক সুযোগ পেলে লোয়ার অর্ডারে কার্যকর অবদান রাখার দায়িত্বেও থাকতে পারেন।
বোলিংয়েও বাড়াতে হবে ধার এবং ধারাবাহিকতা। প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের চাপে রাখতে পারেননি বাংলাদেশের বোলাররা। শুধু গতি দিয়ে নয়, সঠিক লাইন-লেংথ, অফস্টাম্পের আশপাশে ধারাবাহিক বোলিং এবং দুই প্রান্ত থেকে চাপ তৈরির সামর্থ্য দেখাতে হবে। হাসানের অনুপস্থিতিতে শরিফুল ইসলাম ও খালেদ আহমেদের দায়িত্ব বাড়বে। ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে ভালো করা খালেদের কাছ থেকে প্রত্যাশা থাকবে বেশি। শরিফুলের বাঁহাতি অ্যাঙ্গেলও সেঞ্চুরিয়নে কার্যকর হতে পারে। তবে তাসকিন খেললে পেস আক্রমণে বাড়তি অভিজ্ঞতা ও গতি যোগ হবে। এবাদত হোসেনের সুযোগ মিললে তাকে আগের ম্যাচের তুলনায় অনেক বেশি নিয়ন্ত্রিত বোলিং করতে হবে।
একজন বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকবেন মেহেদী হাসান মিরাজ। সেঞ্চুরিয়নের পেস সহায়ক উইকেটে স্পিনারদের ভূমিকা হয়তো সীমিত থাকবে। তবুও প্রতিপক্ষের রান আটকে রাখা এবং দীর্ঘ স্পেলে ধৈর্য ধরে বোলিং করার দায়িত্ব নিতে হবে মিরাজকে।
ফিল্ডিংয়েও উন্নতির বিকল্প নেই। দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে ক্যাচ ফেলা, মিসফিল্ড কিংবা রান আটকে রাখতে না পারার মূল্য দিতে হয় চড়াভাবে। প্রতিটি সুযোগ কাজে লাগানো এবং বোলারদের প্রচেষ্টাকে ফিল্ডারদের সহায়তায় পূর্ণতা দেওয়া জরুরি।
মুশফিক-হাসানকে ছাড়া কাজটি কঠিন। তবুও টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত অনুপস্থিতির চেয়ে দলীয় সামর্থ্যের সম্মিলিত প্রয়োগই বড়। সেঞ্চুরিয়নে বাংলাদেশ কি পারবে সে সামর্থ্যের প্রমাণ দিতে? নাকি আরো একবার দক্ষিণ আফ্রিকার পেসের সামনে আত্মসমর্পণ করতে হবে?
সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম রবিন, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন/তাসকিন আহমেদ।

