ঢাকার সাত স্থানে ককটেল বিস্ফোরণ: আহত অটোরিকশা চালক, আটক ১

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সচিবালয় মেট্রো স্টেশনের নিচে, আগারগাঁওয়ে ও, সরকারি তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেইটসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এসব ঘটনা ঘটে শুক্রবার রাতে। ওই তিনটি জায়গা ছাড়াও কাছাকাছি সময়ে ককটেল বিস্ফোরিত হয়েছে ওয়ারী, হাতিরপুল, মিরপুর-১০ ও ধানমন্ডি ২৭ নম্বর এলাকাতেও।

‌এ ঘটনায় আগারগাঁওয়ে পুলিশ বক্সের সামনে এক সিএনজিচালিত অটোরিকশা চালক হাবিবুর রহমান (৬৫) আহত হয়েছেন; আর হাতিরপুলে বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

আহত হাবিবুরের ছেলে সুজন জানিয়েছেন, তার বাবার সিএনজির উপরে ককটেল বিস্ফোরিত হলে এর স্প্লিন্টার হাবিবুরের পিঠের পেছনের অংশ ও বাম হাতে লাগে।

স্বজনেরা প্রথমে হাবিবুরকে আয়েশা হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রাত ১টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তিনি জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানিয়েছেন।

এদিকে রাত ১০টার দিকে সরকারি তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেইটে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। বনানী থানার ওসি মো. সালাউদ্দিন বলেন, এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, “কারা এ ঘটনা ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। জড়িতদের আইনের আওতায় আনার আনা হবে।”

এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে ওয়ারী এলাকার আবেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান বলেন, “ককটেল বিস্ফোরণের পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাদের শনাক্তের চেষ্টা চলছে।”

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতিরপুলে ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় পালানোর চেষ্টা করলে একজনকে আটক করে পুলিশ। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে কলাবাগান থানার ওসি মো. ফজলে আশিক জানিয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় শাহ আলী প্লাজার বিপরীত পাশে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। কাফরুল থানার ওসি আলমগীর হোসেন রাত ১০টা ২৩ মিনিটে এ তথ্য দেন।

তিনি বলেন, বিস্ফোরণের পর জড়িত ব্যক্তিকে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ধাওয়া করেও ধরতে পারেননি।

রাত ১০টা ৩৫ মিনিটের দিকে ধানমন্ডি ২৭ নম্বরে রাপা প্লাজার সামনে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। ধানমন্ডি থানার ওসি মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব এ তথ্য দিয়ে বলেন, জড়িতরা ককটেল ফাটিয়ে পালিয়ে যান, এ ঘটনায় কোনো হতাহত নেই্

এছাড়া সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শাহবাগ থানার উপপরিদর্শক আশরাফ আলী রাত পৌনে ৩টার দিকে বলেন, “রাত ১টা ৩৭ মিনিটের দিকে প্রেস ক্লাবের পূর্ব পাশে মেট্রো স্টেশনের নিচে এ বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত হয়নি।”

কারা এ ঘটনা ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি বলে জানিয়েছেন উপপরিদর্শক আশরাফ আলী।

পরিবেশ, কগনিটিভ হেলথ ও ক্রমবর্ধমান সামাজিক সংকটের যোগসূত্র

সম্পূরক পরীক্ষার্থীর ভর্তি: আচার্যের হস্তক্ষেপই কি শেষ ভরসা?

বাংলাদেশের ইতিহাসের মালিকানা দিল্লি কিংবা ইসলামাবাদের নয়

ভেজাল রোধে মৃত্যুদণ্ডের প্রস্তাব: ভোক্তা সুরক্ষা মিলবে কি?

জাতীয়