শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্বের ঊর্ধ্বে রাখা জরুরি: প্রধানমন্ত্রী

“আমি, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যে দেশটি জ্ঞানে-গুণে সমৃদ্ধ হবে,” বলেন তিনি।

মিরপুরে সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

দেশের শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তি স্বার্থ ও অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মত ও বিশ্বাসের ভিন্নতা থাকাটাই স্বাভাবিক।

শনিবার সকালে মিরপুরে সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে সরকারপ্রধান বক্তব্য রাখছিলেন।

শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তিগত স্বার্থের সংঘাত এবং অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে রাখা জরুরি। গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মত ও বিশ্বাসের ভিন্নতা থাকবে। এটি থাকাটাই স্বাভাবিক।

“সেই ভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নের কারণ না হয়ে দাঁড়ায়, সেই বিষয়ে সতর্ক এবং সচেতন থাকার আহবান জানাই আপনাদের প্রত্যেক শিক্ষকদের প্রতি।”

একই সঙ্গে আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক জনগোষ্ঠী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সবসময় ইতিবাচক দৃষ্টিভিঙ্গ রাখতে প্রতিটি কলেজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “আমি, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যে দেশটি জ্ঞানে-গুণে সমৃদ্ধ হবে, কর্মে হবে আত্মনির্ভরশীল, মানবিকতায় সমুন্নত থাকবে এবং বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে আপন মর্যাদায়।”

জাতীয় বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ সম্মিলন-২০২৬ এর এবারের প্রতিপাদ্য হচ্ছে, ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’। সম্মিলনে দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষরা অংশ নিয়েছেন।

আয়োজকরা বলছেন, উচ্চ শিক্ষার মানোন্নয়ন, কলেজ শিক্ষার সুশাসন প্রতিষ্ঠা ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে অধ্যক্ষদের ভূমিকা আরও কার্যকর করা এই সম্মিলনের উদ্দেশ্যে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দুই হাজার ৩১৮টি কলেজের প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশুনা করছে।

একটু দেরি হওয়ায় অনুষ্ঠানের শুরুতে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

‘অধ্যক্ষরা ভবিষ্যৎ প্রজন্ম গড়ার স্থপতি’

বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সামনে শিক্ষকদের ভূমিকা আলোর মত, এ কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, “আপনাদের জ্ঞানের আলোয় আলোকিত আজকের এই সম্মেলন। আপনারা কলেজের প্রধান, কলেজের অধ্যক্ষ। একজন অধ্যক্ষ শুধু একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধানই নন, আপনার প্রতিষ্ঠানের নেতা এবং নৈতিক দিকদর্শী। আপনারা একাডেমির নেতৃত্বের কেন্দ্র। ভবিষ্যৎ প্রজন্ম গড়ার স্থপতি।”

শিক্ষকদের মেধা, যোগ্যতা, সিদ্ধান্ত, বিচক্ষণতা আর দূরদর্শিতার ওপর শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনা বিকাশের অনেক কিছু নির্ভর করে, বলেন তিনি।

১৯৯২ সালের ২১ অক্টোবর তৎকালীণ প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, এ কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, “বর্তমানে এই প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার। প্রতিষ্ঠার পর থেকে এযাবত কলেজের সংখ্যা অনেক বেড়েছে। বেড়েছে উচ্চশিক্ষার সুযোগ। শিক্ষার্থী বেড়েছে সেই সঙ্গে।

“কলেজ এবং শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও একটি প্রশ্ন মনে হয় আমাদের এখন সময়ের সাথে সাথে উঠে এসেছে যে শিক্ষার মান আমরা কতটা বাড়াতে পেরেছি? নিশ্চয়ই এটি শুধু আমাদের না, শিক্ষক হিসেবে নিশ্চয়ই আপনাদেরও মনে মাঝে মাঝে এই প্রশ্নটা দেখা দেয়।”

তিনি বলেন, “ফ্যাসিবাদের সময়ে অন্য সবকিছুর মতো দেশের শিক্ষাব্যবস্থাকেও মনে হয় ধ্বংস করে দেওয়া হয়েছিল। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার সবাই মিলে আসুন আমরা এই শিক্ষাব্যবস্থাটাকে সুন্দর করে গড়ে তুলতে কাজ শুরু করি। শিক্ষা ব্যবস্থাকে আরো আধুনিক এবং সময় উপযোগী করে গড়ে তোলা এখন বোধ হয় সময়ের দাবি।”

শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের বক্তব্যের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, এক্ষেত্রে সরকার পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের সকল উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করছে।

অনুশীলন মানুষকে দক্ষ ও নিখুঁত করে তোলে, এ কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “যত প্রশিক্ষণ হবে একজন শিক্ষক ততই পারদর্শী হয়ে উঠবেন। এক্ষেত্রে প্রচলিত শিক্ষাকেন্দ্রিক শিক্ষার পরিবর্তে শিক্ষার্থীকেন্দ্রিক এবং গবেষণাভিত্তিক শিক্ষাদান পদ্ধতি চালু করার লক্ষ্যে প্রয়োজনে ‘ট্রেন দ্য ট্রেইনার’ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।”

তার মতে, আধুনিক এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার সঙ্গে শিক্ষক এবং শিক্ষার্থীরা নিজেদেরকে খাপ খেয়ে নিতে না পারলে প্রতিবছর সার্টিফিকেট নির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে কিন্তু বেকারত্ব মনে হয় কমবে না।

সরকারপ্রধান বলেন, বেশ কয়েকটি সমীক্ষায় উঠে এসেছে, একাডেমিক শিক্ষা অর্জনের পাশাপাশি ব্যবহারিক এবং কারগরি জ্ঞান ও দক্ষতা অর্জন করতে না পারায় শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বেশির অন্যতম একটি কারণ।

‘প্রযুক্তি নির্ভর, কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থার বিকল্প নেই’

তারেক রহমান বলেন, “বিশ্ব ইতিমধ্যে চতুর্থ শিল্প বিপ্লবের যুগেও প্রবেশ করে ফেলেছে। সুতরাং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে গতানুগতিক শিক্ষা ব্যবস্থা পদ্ধতিকে বেরিয়ে এসে প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক, কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিকল্প খুব সম্ভবতা নেই।”

কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং,বায়োটেকনোলজি, সাইবার সিকিউরিটি এমনকি পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তিসহ এ ধরণের নিত্যনতুন প্রযুক্তি ভবিষ্যতের কর্ম জগৎকে আমূল বদলে দিচ্ছে, বলেন তিনি।

“এসব অত্যাধুনিক প্রযুক্তির আবিষ্কার একদিকে যেমন অনেক পুরোনো পেশার বিলুপ্তি ঘটিয়ে ফেলছে, ঠিক একইভাবে মানুষের বেকারত্বের অন্যতম কারণ হয়ে উঠছে এই বিলুপ্তির কারণে। আর অপরদিকে চাকরির নিত্যনতুন ক্ষেত্রও তৈরি করছে।”

‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন অনিবার্য’

শিক্ষা মানুষকে শক্তি দেয় আর সুনির্দিষ্ট লক্ষ্য সেই শক্তিকে সফল্যে রূপান্তরিত করে, এ কথা তুলে ধরে তিনি বলেন, লক্ষ্যহীন শিক্ষা দিকহীন যাত্রার মতন। আর সুনির্দিষ্ট লক্ষ্যনির্ভর শিক্ষা সফল ভবিষ্যৎ নির্মাণের কার্যকর পথপ্রদর্শক। তাই অর্জিত জ্ঞানকে কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতায় রূপান্তর করার মধ্যেই সাফল্য নিহিত, মনে করেন প্রধানমন্ত্রী।

জাতীয়