ডিজিটাল অগ্রগতিতে দক্ষিণ এশিয়ায় পিছিয়ে বাংলাদেশ, বড় বাধা দক্ষতা ও ব্যয়: এডিবি

মোবাইল ইন্টারনেটের বিস্তার ঘটলেও ডিজিটাল অগ্রগতি ও অনলাইন সেবার ব্যবহারে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের তুলনায় পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ডিজিটাল দক্ষতার ঘাটতি, স্মার্টফোন ও ইন্টারনেটের উচ্চমূল্য, প্রতিবন্ধী জনগোষ্ঠীর সীমিত অংশগ্রহণ এবং টেলিযোগাযোগ খাতের কর ও স্পেকট্রাম ব্যয় দেশের ডিজিটাল অন্তর্ভুক্তির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জিএসএমএ ইন্টেলিজেন্সের 'ক্লোজিং দ্য মোবাইল কানেক্টিভিটি গ্যাপ ইন ডেভেলপিং এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক' শীর্ষক যৌথ গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

২০২৬ সালের অক্টোবরে প্রকাশিত প্রতিবেদনটিতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪২টি দেশের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে মোবাইল ইন্টারনেট সংযোগ, ডিজিটাল সেবার ব্যবহার ও বৈষম্যের চিত্র দেখা হয়েছে। পাশাপাশি টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ ও নীতিগত চ্যালেঞ্জও বিশ্লেষণ করা হয়েছে।

প্রতিবেদনের ডিজিটালাইজেশন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ও মালদ্বীপ রয়েছে 'ট্রানজিশনিং' পর্যায়ে। বাংলাদেশ, ভুটান, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা রয়েছে 'ইমার্জিং' পর্যায়ে। আর আফগানিস্তান রয়েছে সর্বনিম্ন 'নাসেন্ট' পর্যায়ে।

মোবাইল কানেক্টিভিটি ইনডেক্সে (এমসিআই) বাংলাদেশের অগ্রগতি থাকলেও প্রতিবেশী কয়েকটি দেশের তুলনায় উন্নতির গতি কম। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশের এমসিআই স্কোর বেড়েছে ৭.৪ পয়েন্ট। একই সময়ে পাকিস্তানের স্কোর বেড়েছে ১০.৭, ভারতের ৮.৯ এবং নেপালের ৭.৭ পয়েন্ট। শ্রীলঙ্কার বেড়েছে ৫.১ পয়েন্ট।

অর্থাৎ বাংলাদেশে মোবাইল ইন্টারনেট সংযোগের অগ্রগতি হলেও ডিজিটাল সক্ষমতা ও ব্যবহারের ক্ষেত্রে আঞ্চলিক ব্যবধান কমাতে আরও দ্রুত অগ্রগতি প্রয়োজন।

সংযোগ থাকলেও ব্যবহার করছেন না অনেকে

প্রতিবেদনে বলা হয়েছে, মোবাইল নেটওয়ার্কের আওতায় থাকা এবং বাস্তবে ইন্টারনেট ব্যবহার করা এক বিষয় নয়। উন্নয়নশীল এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৯৮ শতাংশ মানুষ ফোরজি নেটওয়ার্কের আওতায় থাকলেও প্রায় ১১০ কোটি মানুষ মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন না।

২০২৫ সালে এ অঞ্চলের মোট জনসংখ্যার ৭১ শতাংশ বা প্রায় ৩১০ কোটি মানুষ মোবাইল ইন্টারনেট ব্যবহার করেছেন। তবে ২৭ শতাংশ মানুষ নেটওয়ার্কের আওতায় থেকেও ইন্টারনেট ব্যবহার করেননি। আর প্রায় ১০ কোটি মানুষ এখনও মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্কের আওতার বাইরে রয়েছেন।

সাক্ষরতার অভাব ও ডিভাইসের দাম বড় বাধা

বাংলাদেশে মোবাইল ইন্টারনেট ব্যবহার না করার অন্যতম প্রধান কারণ হিসেবে সাক্ষরতা ও পড়তে-লিখতে না পারার সমস্যাকে চিহ্নিত করেছে প্রতিবেদনটি।

মোবাইল ইন্টারনেট সম্পর্কে জানেন, কিন্তু ব্যবহার করেন না—এমন প্রাপ্তবয়স্কদের ২৬ শতাংশ সাক্ষরতা ও পড়ার সমস্যাকে প্রধান বাধা হিসেবে উল্লেখ করেছেন। ভারতে এ হার ১৭ শতাংশ, পাকিস্তানে ৩২ শতাংশ।

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার না করার অন্যান্য বাধাগুলোর মধ্যে রয়েছে হ্যান্ডসেটের উচ্চমূল্য (১০ শতাংশ), সময়ের অভাব (৮ শতাংশ), পরিবারের অসম্মতি (৭ শতাংশ) এবং মোবাইল ডিভাইস ব্যবহারের সাধারণ জটিলতা (৭ শতাংশ)। এছাড়া ইন্টারনেট ডাটার খরচ ও বাংলা ভাষায় পর্যাপ্ত কনটেন্টের অভাবকে ৬ শতাংশ করে উত্তরদাতা বাধা হিসেবে উল্লেখ করেছেন।

ইন্টারনেটের প্রয়োজনীয়তা বোধ না করা, ক্ষতিকর কনটেন্টের ভয় ও স্মার্টফোনের ব্যাটারির স্থায়িত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ৫ শতাংশ করে উত্তরদাতা। স্ক্যাম বা প্রতারণার ভয়ের কথা বলেছেন ২ শতাংশ।

ইন্টারনেট ব্যবহারে যোগাযোগ ও বিনোদনের প্রাধান্য

বাংলাদেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের বড় অংশের ব্যবহার এখনও যোগাযোগ ও বিনোদনকেন্দ্রিক। প্রতিবেদনের ২০২৫ সালের ভোক্তা জরিপ অনুযায়ী, ৮৫ শতাংশ ব্যবহারকারী ভিডিও কল, ৭৯ শতাংশ অনলাইন কল এবং একই হারে অনলাইন ভিডিও দেখার কাজে ইন্টারনেট ব্যবহার করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন ৭৪ শতাংশ এবং অনলাইন বিনোদনে যুক্ত রয়েছেন ৭৩ শতাংশ। ইনস্ট্যান্ট মেসেজিংয়ের হার ৭০ শতাংশ।

অন্যদিকে উৎপাদনশীল ও প্রয়োজনীয় সেবায় ইন্টারনেট ব্যবহারের হার তুলনামূলক কম। ব্যবহারকারীদের ৪৪ শতাংশ অনলাইনে তথ্য অনুসন্ধান করেন, ৩৭ শতাংশ সংবাদ পড়েন এবং ৩২ শতাংশ চাকরি বা ব্যবসাসংক্রান্ত তথ্য খোঁজেন। কৃষিসংক্রান্ত তথ্য অনুসন্ধান করেন ৩১ শতাংশ, পণ্য বা সেবা অর্ডার করেন ২৯ শতাংশ এবং স্বাস্থ্যসেবা-সংক্রান্ত তথ্যের জন্য ইন্টারনেট ব্যবহার করেন ২৯ শতাংশ। শিক্ষা ও অনলাইন লার্নিংয়ের ক্ষেত্রে এ হার মাত্র ২৫ শতাংশ।

ডিজিটাল আর্থিক সেবা ব্যবহারের হারও তুলনামূলক কম। বাংলাদেশে ৫০ শতাংশ মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী অনলাইন ব্যাংকিং বা মোবাইল মানি সেবা ব্যবহার করেন। ভারতে এ হার ৫৬ শতাংশ ও শ্রীলঙ্কায় শতাংশ।

সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রেও পিছিয়ে রয়েছে বাংলাদেশ। দেশের মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের মাত্র ১৭ শতাংশ মাসে অন্তত একবার এ ধরনের সেবা গ্রহণ করেন। ভারতে এ হার ৩৮ শতাংশ এবং শ্রীলঙ্কায় ২৯ শতাংশ।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

জাতীয়