আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন করতে চায় বাংলাদেশ। এ বিষয়ে আলোচনার জন্য ইতোমধ্যে ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চুক্তিটি অব্যাহত রাখতে চাই। এটি নবায়ন করা প্রয়োজন। এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে আমরা অবশ্যই আগ্রহী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চুক্তির বিষয়ে বাংলাদেশ ইতোমধ্যে ভারতকে চিঠি দিয়েছে। তবে দ্বিপক্ষীয় আলোচনা শুরুর পথ তৈরি করতে পারে, এমন কোনো জবাব এখনও পাওয়া যায়নি। তিনি আশা প্রকাশ করেন, ভারত চুক্তিটির গুরুত্ব অনুধাবন করে রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে ইতিবাচক সাড়া দেবে।
শামা ওবায়েদ বলেন, ভারত আমাদের প্রতিবেশী দেশ। বাংলাদেশের জন্য এবং দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে গঙ্গার পানি বণ্টন চুক্তি কতটা গুরুত্বপূর্ণ, তা ভারত ভালোভাবেই জানে। বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দু’পক্ষকে আলোচনার টেবিলে নিয়ে আসাটাই এখন সবচেয়ে জরুরি। আমরা আশা করি, ভারত রাজনৈতিক ও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আমাদের চিঠির জবাব দেবে। যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় আলোচনা শুরু করতে চায় বাংলাদেশ।
বিদ্যমান চুক্তি নবায়ন, নাকি নতুন করে পানি বণ্টন চুক্তি করার উদ্যোগ নেওয়া হচ্ছে- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি শেষ পর্যন্ত দু’দেশের আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে। তিনি ব্যাখ্যা করেন, পারস্পরিক গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছাতে উভয় দেশকে নিজ নিজ অবস্থান তুলে ধরতে হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুনর্ব্যক্ত করেন, জাতীয় স্বার্থ সুরক্ষার পাশাপাশি গঙ্গার পানি বণ্টনে পারস্পরিক লাভজনক সমঝোতা নিশ্চিত করে ভারতের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় ভারত সফরের বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ আশা প্রকাশ করেন, উপযুক্ত সময়ে উভয় দেশের নেতাদের মধ্যে বৈঠকে অমীমাংসিত দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। উপযুক্ত সময়ে দুই দেশের নেতারা বৈঠকে বসবেন এবং পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান হবে।

