রমজানে নতুন সূচি অনুযায়ী চলাচল করবে মেট্রোরেল

রমজানে নতুন সূচি অনুযায়ী চলাচল করবে মেট্রোরেল

রাজধানী ডেস্ক

পবিত্র রমজানের প্রথম দিন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলাচল শুরু করবে ঢাকা মেট্রোরেল। রমজান মাসের অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে নতুন এই সূচি কার্যকর থাকবে। এ সময়ে প্রতিটি যাত্রী ইফতারের জন্য সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানি বহন করতে পারবেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম ১৬ ফেব্রুয়ারি এই নির্দেশনা সম্বলিত একটি অফিস আদেশ জারি করেন। আদেশে বলা হয়, উত্তরা উত্তর থেকে মতিঝিল অভিমুখে প্রথম ট্রেন সকাল ৬:৩০টায় ছাড়বে এবং শেষ ট্রেন রাত ৯:৩০টায়। একইভাবে, মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন সকাল ৭:১৫টায় ছাড়বে এবং শেষ ট্রেন রাত ১০:১০টায়।

উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেনের হেডওয়ে রুট অনুযায়ী পরিবর্তিত হয়েছে। সকাল ৬:৩০ থেকে ৭:১০ পর্যন্ত প্রতি ২০ মিনিটে এক ট্রেন চলাচল করবে। সকাল ৭:১১ থেকে ৭:৩০ পর্যন্ত ১০ মিনিট, ৭:৩১ থেকে ৮:১০ পর্যন্ত ৮ মিনিট, ৮:১১ থেকে ৯:৫৩ পর্যন্ত ৫-৬ মিনিট, ৯:৫৪ থেকে ১৪:৫৬ পর্যন্ত ৮ মিনিট, ১৪:৫৭ থেকে ১৭:৪১ পর্যন্ত ৫-৬ মিনিট, ১৭:৪২ থেকে ১৮:১৩ পর্যন্ত ৮ মিনিট, ১৮:১৪ থেকে ২১:০০ পর্যন্ত ১০ মিনিট এবং ২১:০১ থেকে ২১:৩০ পর্যন্ত ১৫ মিনিট হেডওয়ে থাকবে।

মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেনের হেডওয়েও নির্দিষ্ট সময় অনুযায়ী নির্ধারিত হয়েছে। সকাল ৭:১৫ থেকে ৭:৩০ পর্যন্ত ১৫ মিনিট, ৭:৩১ থেকে ৮:০০ পর্যন্ত ১০ মিনিট, ৮:০১ থেকে ৮:৪৮ পর্যন্ত ৮ মিনিট, ৮:৪৯ থেকে ১০:৩১ পর্যন্ত ৫-৬ মিনিট, ১০:৩২ থেকে ১৫:৩৪ পর্যন্ত ৮ মিনিট, ১৫:৩৫ থেকে ১৮:২০ পর্যন্ত ৫-৬ মিনিট, ১৮:২১ থেকে ১৮:৫২ পর্যন্ত ৮ মিনিট, ১৮:৫৩ থেকে ২১:৪০ পর্যন্ত ১০ মিনিট এবং ২১:৪১ থেকে ২২:১০ পর্যন্ত ১৫ মিনিট নির্ধারণ করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, রমজানের সময় মেট্রোরেল এবং স্টেশন এলাকায় যাত্রীরা কেবলমাত্র ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। পানি ঝরানো এড়াতে সতর্কতা অবলম্বন করতে হবে এবং ব্যবহার করা বোতল অবশ্যই প্ল্যাটফর্ম, কনকোর্স বা প্রবেশ ও বাহির গেটে থাকা ডাস্টবিনে ফেলা বাধ্যতামূলক। এছাড়া কোনো অবস্থাতেই মেট্রোরেল বা স্টেশনের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।

ডিএমটিসিএল জানিয়েছে, শনিবার, শুক্রবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচি আগের মতোই থাকবে। নতুন সূচি বাস্তবায়নের ফলে যাত্রীদের যাতায়াতের সময় ও পরিকল্পনায় সহায়ক ভূমিকা পালন করবে এবং রমজান মাসে নিরাপদ ও সুষ্ঠু মেট্রোরেল চলাচল নিশ্চিত হবে।

রাজধানী শীর্ষ সংবাদ