বগুড়ায় প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন

বগুড়ায় প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন

জাতীয় ডেস্ক

বগুড়ায় আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করবেন। সরকারের নতুন সামাজিক নিরাপত্তা উদ্যোগের সূচনা বগুড়া থেকে শুরু হবে বলে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে মহাস্থানগড়ের শাহ সুলতান বলখী (রহ.)-এর মাজারে জুমার নামাজের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে জানান।

মীর শাহে আলম বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী বগুড়ায় আসবেন এবং এ কর্মসূচি সরাসরি মাঠপর্যায়ে শুরু হবে। পরীক্ষামূলক (পাইলট) প্রকল্পটি পরিচালনার জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নির্বাচিত হয়েছে। ইতোমধ্যে সম্ভাব্য সুফলভোগী পরিবার চিহ্নিত করার জন্য মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু করা হয়েছে।

কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নের জন্য জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে পৃথক জেলা ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও কমিটি গঠন করা হয়েছে, যাতে কার্যক্রমের তদারকি ও সমন্বয় কার্যকরভাবে সম্পন্ন করা যায়।

ফ্যামিলি কার্ডে প্রতি পরিবারের একজন নারী নিবন্ধিত হবেন। একটি ওয়ার্ডে যত পরিবার যোগ্য হিসেবে বিবেচিত হবে, তাদের সবাইকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। পাইলট প্রকল্পটি চার মাস ধরে চলবে এবং পরীক্ষামূলক কার্যক্রমের পর ধাপে ধাপে প্রতিটি উপজেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সরকারের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো সামাজিক নিরাপত্তা এবং সুবিধাবঞ্চিত পরিবারের সহায়তা নিশ্চিত করা। ফ্যামিলি কার্ডধারী পরিবার বিভিন্ন সরকারি কল্যাণমূলক প্রকল্পে অগ্রাধিকার পাবেন, যা স্থানীয় পর্যায়ে সুবিধা প্রদানের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে। স্থানীয় প্রশাসন এবং কমিটি পর্যায়ে তদারকি ব্যবস্থার মাধ্যমে কার্যক্রমের স্বচ্ছতা ও প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ প্রকল্পের মাধ্যমে আশা করা হচ্ছে যে বগুড়া থেকে শুরু হওয়া পাইলট কার্যক্রম সফল হলে এটি দেশের অন্যান্য অঞ্চলেও সম্প্রসারিত হবে, যার মাধ্যমে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা আরও বিস্তৃত ও কার্যকর হবে।

জাতীয় শীর্ষ সংবাদ