জাতীয় ডেস্ক
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বুধবার (৪ মার্চ) ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেন এবং বৈঠকটি সাফল্যমণ্ডিত হওয়ার কথা উল্লেখ করেন।
বৈঠকে প্রধানত অস্ত্র কেনাকাটাবিষয়ক চুক্তি অ্যাকসা এবং অস্ত্রবিষয়ক গোপন তথ্যের বিনিময় ও সুরক্ষা সংক্রান্ত জিসোমিয়ার নিয়ে আলোচনা হয়। তবে পল কাপুর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেননি। বৈঠক শেষে তিনি কেবল বৈঠক সফল হয়েছে বলে মন্তব্য করে পররাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ করেন।
সফরসূচি অনুযায়ী, পল কাপুর একই দিন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও তিনি সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করবেন।
সফরের শেষদিন বৃহস্পতিবর (৫ মার্চ) তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করবেন। এরপর রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় এবং সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক ও দক্ষিণ ও মধ্য এশিয়ার নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির প্রেক্ষাপটে এই সফর গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে সামরিক সহযোগিতা ও গোপন তথ্য সুরক্ষার ক্ষেত্রে দুই দেশের মধ্যে ইতিবাচক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। এছাড়াও অর্থনীতি, বাণিজ্য ও জ্বালানি খাতে বৈঠকের মাধ্যমে বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর এবং নীতি সংক্রান্ত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
পল কাপুরের এই সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও কৌশলগত সম্পর্ককে আরও দৃঢ় করতে এবং বৈশ্বিক স্থিতিশীলতা ও নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভূমিকা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


