ঈদযাত্রা নিরাপদ করতে রোড সেফটি ফাউন্ডেশনের সুপারিশ

ঈদযাত্রা নিরাপদ করতে রোড সেফটি ফাউন্ডেশনের সুপারিশ

জাতীয় ডেস্ক

ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে সরকারের কাছে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ পরিবহন ব্যবস্থা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির আহ্বান জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। সংগঠনটি বলছে, সীমিত সময়ে বিপুল সংখ্যক যাত্রী পরিবহনের জন্য দেশের গণপরিবহন পর্যাপ্ত নয়, ফলে অনেক মানুষ অনিরাপদ যানবাহনে ভ্রমণ করতে বাধ্য হন।

রোড সেফটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. আই. মাহবুব উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর, অধ্যাপক হাসিনা বেগম, ড. কামরান উল বাছেত, আব্দুল্লাহ মো. ফেরদৌস খান এবং নির্বাহী পরিচালক সাইদুর রহমান এক যৌথ বিবৃতিতে উল্লেখ করেছেন, ঢাকা থেকে মাত্র ঈদ উপলক্ষে ১ কোটির বেশি মানুষ দেশের বিভিন্ন অঞ্চলে যাত্রা করবেন। পাশাপাশি দেশের অভ্যন্তরে আন্তঃজেলায় প্রায় ৪ কোটি মানুষের যাতায়াত হবে।

সংগঠনটি জানায়, দেশের গণপরিবহন ব্যবস্থার সীমাবদ্ধতা ও অনিরাপদ যানবাহনের কারণে যাত্রীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে। এই পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি এবং নিরাপদ যানবাহনের সংখ্যা বৃদ্ধি করা জরুরি। এছাড়া জনসাধারণকে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করা প্রয়োজন।

রোড সেফটি ফাউন্ডেশন সরকারের প্রতি সুপারিশ করেছে যে, ছাত্র ও যুবকদের সম্পৃক্ত করে সড়ক পরিবহনে শৃঙ্খলা বজায় রাখা, টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানো, এবং সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসারসহ সরকারি সংস্থার বিশেষ পরিবহন ব্যবস্থার মাধ্যমে যাত্রী পরিবহন নিশ্চিত করা।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ত্রুটিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। মহাসড়কে সিটি সার্ভিস বাসের চলাচল নিয়ন্ত্রণ, সড়কে চাঁদাবাজি বন্ধে প্রশাসনিক উদ্যোগ এবং রাতের বাসে ডাকাতি প্রতিরোধে পুলিশি টহল জোরদারেরও আহ্বান জানানো হয়েছে।

সংগঠনটি উল্লেখ করেছে, সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, স্পিড ব্রেকার ও সাইন-মার্কিং স্থাপন, অতিরিক্ত ভাড়া আদায় রোধ, ঈদে ঘরমুখী ও ফিরতি যাত্রা উভয় ক্ষেত্রেই শৃঙ্খলা বজায় রাখা, মোবাইল টয়লেটের ব্যবস্থা এবং দেশের সকল হাসপাতালে জরুরি চিকিৎসাসেবা জোরদারের বিষয়গুলো নিশ্চিত করতে হবে।

রোড সেফটি ফাউন্ডেশনের নেতারা মনে করেন, সরকারের সংশ্লিষ্ট দপ্তর, আইন-শৃঙ্খলা বাহিনী এবং জনগণের সমন্বিত উদ্যোগ গ্রহণ করলে এবারের ঈদযাত্রা অনেকটাই নিরাপদ করা সম্ভব হবে।

জাতীয় শীর্ষ সংবাদ