ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশনকে ফিফার জরিমানা

ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশনকে ফিফার জরিমানা

খেলাধূলা ডেস্ক

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বৈষম্যবিরোধী নিয়ম লঙ্ঘনের অভিযোগে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে (আইএফএ) ১ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ১ লাখ ৯০ হাজার মার্কিন ডলার) জরিমানা করেছে।

বৃহস্পতিবার ফিফার শৃঙ্খলা কমিটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আইএফএ দীর্ঘদিন ধরে বর্ণবাদী আচরণের অভিযোগে অভিযুক্ত ক্লাব বেইতার জেরুজালেমের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেইতার জেরুজালেমের সমর্থকদের ধারাবাহিক ও সুপ্রমাণিত বর্ণবাদী আচরণ ফুটবলের নৈতিকতা ও শৃঙ্খলার পরিপন্থী। ক্লাবটির ‘Forever Pure’ স্লোগান এবং আরব খেলোয়াড়দের উদ্দেশে ‘সন্ত্রাসী’ বলে স্লোগান প্রদর্শন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি দীর্ঘদিনের সাংগঠনিক সমস্যার অংশ।

ফিফা জানায়, আইএফএ এসব ঘটনায় যথেষ্ট ও কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে, যা সংস্থাটির নিজস্ব নীতিমালার সঙ্গেও অসামঞ্জস্যপূর্ণ। এর ফলে ফিফা তাদের ওপর জরিমানা আরোপ করেছে এবং সতর্কবার্তা প্রদান করেছে।

জরিমানা ঘোষণার পাশাপাশি আইএফএকে পরবর্তী তিনটি ফিফা প্রতিযোগিতার হোম ম্যাচে “Football Unites the World – No to Discrimination” বার্তাসংবলিত বড় ব্যানার প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জরিমানার এক-তৃতীয়াংশ অর্থ বৈষম্য প্রতিরোধে কার্যকর পরিকল্পনা বাস্তবায়নে ব্যয় করতে হবে বলে নির্দেশ দিয়েছে ফিফা।

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন ২০২৪ সালের অক্টোবরে আইএফএর বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ জানালে ফিফা আনুষ্ঠানিক তদন্ত শুরু করে। যদিও ফিলিস্তিন পক্ষ আইএফএর ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছিল, ফিফা তা আরোপ করেনি।

অপরদিকে, পশ্চিম তীর অঞ্চলে অবস্থিত ইসরায়েলি ক্লাবগুলোর লিগে অংশগ্রহণ নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে আলাদা তদন্ত শেষে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফিফার শৃঙ্খলা কমিটি এই সিদ্ধান্তের মাধ্যমে ক্লাব ও অ্যাসোসিয়েশন উভয়কেই বৈষম্যবিরোধী নীতিমালা অনুসরণের গুরুত্বের দিকে সচেতন করতে চেয়েছে।

খেলাধূলা শীর্ষ সংবাদ