ফেনী ও ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত, আহত একাধিক

ফেনী ও ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত, আহত একাধিক

সারাদেশ ডেস্ক

ফেনী ও ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার (২২ মার্চ) ভোরে ফেনীতে এবং শনিবার বিকেলে ঝিনাইদহের দুই উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানা পুলিশ ও স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর লাতুমিয়া সড়কের থামা এলাকায় ভোরে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হন। মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, মহাসড়কের ওই অংশে চট্টগ্রামমুখী একটি লেন সংস্কারের কাজ চলছিল। এ কারণে যানবাহন ধীরগতিতে চলাচল করছিল।

এ সময় একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে এলাকা পার হওয়ার সময় পেছন থেকে শ্যামলী পরিবহনের একটি বাস সেটিকে ধাক্কা দেয়। ঘটনার পর বাস ও অ্যাম্বুলেন্সচালকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে সড়কে যানজটের সৃষ্টি হয়। এর মধ্যে পেছন দিক থেকে আসা মোটরসাইকেলসহ আরও কয়েকটি যানবাহন জটলায় আটকা পড়ে।

কিছুক্ষণ পর দ্রুতগতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই জটলার মধ্যে ধাক্কা দিলে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহী, একটি বাসের সুপারভাইজার এবং এক যাত্রী নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন।

নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে এবং অন্যদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, ঝিনাইদহে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ আরও দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত তিনজন। শনিবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজার এবং মহেশপুর উপজেলার কেশবপুর গ্রামে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত স্কুলছাত্র আব্দুল গফুর হরিণাকুণ্ডু উপজেলার বাগআঁচড়া গ্রামের বাসিন্দা। ঈদের নামাজ শেষে তিনি বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হন। দুপুরের দিকে একটি নসিমন গাড়িতে করে তারা ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন। পথে নগরবাথান বাজার এলাকায় পৌঁছালে আব্দুল গফুর নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত গাড়ি থেকে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরদিকে, মহেশপুর উপজেলার কেশবপুর গ্রামে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রনি হোসেন নামে এক যুবক নিহত হন। তিনি ভৈরবা এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রনি বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে করে ঘুরতে বের হলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।

সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানান, দুর্ঘটনাগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।

শীর্ষ সংবাদ সারাদেশ