চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, দুটি বগি পুড়ে গেছে

চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, দুটি বগি পুড়ে গেছে

সারাদেশ ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৭টার দিকে চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ট্রেনের দুটি বগি পুড়ে গেছে। তবে যাত্রী ও ট্রেনচালক নিরাপদে ট্রেন থেকে নেমে যেতে সক্ষম হয়েছেন।

ঘটনা ভাটিয়ারী মিলিটারি একাডেমি এলাকার নিকটস্থ লাইনে ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ৭টার দিকে ১৮টি বগি নিয়ে সীতাকুণ্ড অতিক্রম করছিল। তখন একটি এসি বগিতে ধোঁয়া দেখা যায়। যাত্রীরা চিৎকার করলে ট্রেন চালক তাৎক্ষণিকভাবে ট্রেন থামান। এতে যাত্রীরা নিরাপদে নেমে যান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত বগি থেকে অন্য বগিগুলো বিচ্ছিন্ন করা হয়। এতে আগুন অন্য বগিতে ছড়িয়ে পড়তে পারেনি। ঘটনাস্থলে কুমিরা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। মিলিটারি একাডেমির সেনা সদস্য, ফায়ার সার্ভিস কর্মী, রেলকর্মী এবং স্থানীয় বাসিন্দারা একযোগে কাজ করে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী কর্মকর্তা এহসান আলী জানান, অগ্নিকাণ্ডে একটি এসি বগি ও পাওয়ার কার পুড়ে গেছে। পাওয়ার কারে জেনারেটরসহ যন্ত্রপাতি থাকায় মূলত এটি থেকে আগুনের সূত্রপাত হওয়া হতে পারে। সকাল ৮টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

রেলওয়ের পূর্ব বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, এই ঘটনার কারণে সুবর্ণ এক্সপ্রেস নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি এবং কিছু বিলম্বের পর ছাড়ানো হয়। ডাবল লাইন থাকা সত্ত্বেও নিরাপত্তার কারণে তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচল শুরু করা হয়নি। এছাড়া, পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। তবে অগ্নিকাণ্ডের সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

এ ঘটনায় ভাটিয়ারী থেকে সীতাকুণ্ড পর্যন্ত ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রেলওয়ের কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের সংশ্লিষ্টরা জানান, দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত নির্ধারণের চেষ্টা চলছে।

শীর্ষ সংবাদ সারাদেশ