দেশের প্রতিটি পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

দেশের প্রতিটি পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

 

অর্থ বাণিজ্য ডেস্ক

চলমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনা ও তদারকির কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে সব পেট্রোল পাম্পে সরকারি কর্মকর্তা হিসেবে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

শনিবার (২৮ মার্চ) মন্ত্রণালয় থেকে প্রকাশিত বার্তায় জানানো হয়েছে, এই সিদ্ধান্ত শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন সভায় গৃহীত হয়। সভায় দেশের প্রতিটি পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের কার্যক্রম বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) নিজস্ব ট্যাগ অফিসার নিয়োগ করবে। অন্য সব জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের অধিক্ষেত্রের প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বভার প্রদান করবেন।

নিযুক্ত ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও বিপিসি কর্তৃক নির্ধারিত কার্যপদ্ধতি অনুসরণ করে পেট্রোল পাম্পের সরবরাহ, ভাড়ার স্টক এবং কার্যক্রম সম্পর্কিত তথ্য দৈনিক ভিত্তিতে প্রতিবেদন আকারে পাঠাবেন। এতে করে পেট্রোল পাম্পে তেলের সরবরাহ এবং ব্যবস্থাপনার স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে বলে মন্ত্রণালয় আশা করছে।

সভায় আরও সিদ্ধান্ত হয়েছে, প্রতিটি পেট্রোল পাম্পে একজন ট্যাগ অফিসার নিয়োগের মাধ্যমে সংশ্লিষ্ট সব সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর এবং প্রতিষ্ঠানকে তাদের তথ্য নিয়মিত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হবে। এই পদক্ষেপ দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ সরকারি তেলের সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকরী করার পাশাপাশি অনিয়ম, জোগান ঘাটতি ও চাহিদা অনুযায়ী তেলের সঠিক বিতরণ নিশ্চিত করতে সহায়তা করবে। সরকারের এই পদক্ষেপের মাধ্যমে দেশের জ্বালানি ব্যবস্থাপনা আরও স্বচ্ছ ও দায়িত্বশীল হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

অর্থ বাণিজ্য শীর্ষ সংবাদ