শিক্ষা ডেস্ক
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, বৈশ্বিক সংকট এবং জ্বালানি সমস্যার প্রেক্ষাপটে দেশের শিক্ষা ব্যবস্থায় অনলাইন ও অফলাইন সমন্বিত (ব্লেন্ডেড) শিক্ষাপদ্ধতি চালুর প্রস্তাব সরকারের নজরে আছে। তিনি বলেন, এ বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলমান রয়েছে এবং শিগগিরই মন্ত্রিসভা বৈঠকে আনুষ্ঠানিক প্রস্তাব উপস্থাপন করা হবে।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে রোজার ছুটি, বিভিন্ন আন্দোলন এবং অন্যান্য কারণে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের সময়সূচিতে বিঘ্ন ঘটেছে। এই ক্ষতি পুষিয়ে নিতে সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে ছয় দিন ক্লাস চালানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে কিছু ক্লাস ভার্চুয়ালি নেওয়ার মাধ্যমে অনলাইন শিক্ষাকে আরও গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী জানান, একটি জরিপে দেখা গেছে, প্রায় ৫৫ শতাংশ শিক্ষার্থী ও অভিভাবক আংশিক অনলাইন শিক্ষার পক্ষে মত দিয়েছেন। তবে সম্পূর্ণ অনলাইন শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে, এ বিষয়টিও সরকারের মনোযোগের মধ্যে রয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে স্কুল পর্যায়ে ব্লেন্ডেড লার্নিং চালুর বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হলেও কলেজ পর্যায়েও এ পদ্ধতি প্রযোজ্য হতে পারে কিনা তা নিয়ে আলোচনা চলছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপাতত ভিন্ন ব্যবস্থাপনা থাকতে পারে বলে শিক্ষামন্ত্রী ইঙ্গিত দেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী এই উদ্যোগ বাস্তবায়নের প্রস্তুতি চলছে। আগামী বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকে বিষয়টি বিস্তারিতভাবে আলোচিত হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এছাড়া, মন্ত্রী উল্লেখ করেন, বিশেষ করে মহানগরীগুলোতে ট্রাফিক জট, জ্বালানি সংকট এবং আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব মোকাবিলায় বিকল্প ব্যবস্থা নেওয়ার দিকেও সরকার মনোযোগ দিচ্ছে। শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু, বৈদ্যুতিক বাস, মেট্রো ও সৌরশক্তিচালিত পরিবহন ব্যবস্থার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
শিক্ষা খাতের এ নতুন উদ্যোগ শিক্ষার্থীদের পাঠদানের ব্যাঘাত হ্রাস এবং প্রযুক্তি নির্ভর শিক্ষাকে সম্প্রসারিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সরকার আশা করছে।


