বিআইডব্লিউটিসিকে জনবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশনা

বিআইডব্লিউটিসিকে জনবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশনা

রাজধানী ডেস্ক

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)সহ নৌপরিবহন খাতের সব প্রতিষ্ঠানকে জনবান্ধব, কার্যকর ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে একাধিক দিকনির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রী। মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর বাংলা মোটরে বিআইডব্লিউটিসির প্রধান কার্যালয় পরিদর্শনকালে আয়োজিত মতবিনিময় সভায় তারা এসব নির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় সভায় নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বিআইডব্লিউটিসি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে দেশের জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সেবার মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করতে হবে। তিনি উল্লেখ করেন, দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিত্তিতে পরিচালিত হলে প্রতিষ্ঠানটি একইসঙ্গে সেবামুখী ও আর্থিকভাবে লাভজনক হয়ে উঠতে পারে।

মন্ত্রী আরও বলেন, বিআইডব্লিউটিসিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং দায়িত্ববোধ জোরদার করা প্রয়োজন। এ লক্ষ্যে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তিনি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, এসব বিষয়ে কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না।

সভায় নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিআইডব্লিউটিসিকে আরও গতিশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি প্রতিষ্ঠানটির বিদ্যমান ব্যবস্থাপনায় যে অসংগতি রয়েছে, তা চিহ্নিত করে দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে ফেরি ব্যবস্থাপনাকে আধুনিক ও যুগোপযোগী করার মাধ্যমে যাত্রীসেবা উন্নত করার নির্দেশ দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে নৌপথে যোগাযোগ ব্যবস্থার ওপর নির্ভরশীল জনগোষ্ঠীর সংখ্যা উল্লেখযোগ্য। তাই উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান করার পাশাপাশি উপকূলীয় ও প্রান্তিক অঞ্চলে নৌসেবা সম্প্রসারণের উদ্যোগ নিতে হবে। তিনি ফেরিতে যাত্রী পারাপারের সময় সেবার মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অন্যতম প্রধান দায়িত্ব।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বিআইডব্লিউটিসির আয় বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আর্থিকভাবে স্বনির্ভর ও লাভজনক করে তুলতে হবে। এর জন্য সঠিক পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন জরুরি। পাশাপাশি আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন তিনি।

এ সময় ফেরিঘাটের সংযোগ সড়কগুলোর অবকাঠামোগত উন্নয়নের বিষয়েও আলোচনা হয়। প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এসব সড়কের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন, যাতে যাত্রী ও যানবাহন চলাচলে কোনো ধরনের বিঘ্ন না ঘটে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. সলিম উল্লাহসহ মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় নৌপরিবহন খাতের সামগ্রিক উন্নয়ন, সেবার মানোন্নয়ন এবং কার্যক্রমের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

জাতীয় শীর্ষ সংবাদ