আইএলও বাংলাদেশের কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়তা করবে

আইএলও বাংলাদেশের কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়তা করবে

জাতীয় ডেস্ক

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টিকে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে। ৩৫৬তম আইএলও গভর্নিং বডিতে অংশগ্রহণের জন্য জেনেভা সফররত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে সংস্থার মহাপরিচালক গিলবার্ট হোংবো এ আশ্বাস দিয়েছেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং শ্রম সচিব আবদুর রহমান তরফদারও অংশগ্রহণ করেন। বৈঠকের শুরুতে গিলবার্ট হোংবো বর্তমান সরকারকে অভিনন্দন জানান সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের জন্য। তিনি বলেন, গণতান্ত্রিক উত্তরণ দেশের জনগণের জন্য গুরুত্বপূর্ণ এবং আইএলও নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।

শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, বাংলাদেশের বিপুল সংখ্যক তরুণ ও নারীর জন্য কর্মসংস্থান সৃষ্টিই সরকারের অন্যতম অগ্রাধিকার। এ ক্ষেত্রে আইএলও, বিশেষত সংস্থার ঢাকা অফিস, বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন। তিনি মহাপরিচালকের সঙ্গে ঐকমত্য পোষণ করে বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় সহায়তা প্রদানে আইএলও’র প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন।

বৈঠকে বাংলাদেশের বিরুদ্ধে চলমান আর্টিকেল ২৬ মামলার নিষ্পত্তি ও আইএলও’র সহযোগিতার প্রত্যাশাও তুলে ধরা হয়। মহাপরিচালক বাংলাদেশের স্থায়ী মিশনের কূটনৈতিক তৎপরতাকে প্রশংসা করে বলেন, সংস্থার বিভিন্ন সদস্য রাষ্ট্রের সঙ্গে সমন্বয় ও নেতৃত্বের কারণে দেশে মামলায় বিপুল সমর্থন প্রাপ্ত হয়েছে। তিনি আরও বলেন, দেশে শ্রমক্ষেত্রে উন্নয়ন এবং আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগ দুটোই গুরুত্বপূর্ণ।

শ্রমমন্ত্রী আন্তর্জাতিক শ্রম মান অনুসারে বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক ব্র্যান্ড, বহুজাতিক কোম্পানি ও বিপণন প্রতিষ্ঠানের সহযোগিতা সম্প্রসারণে আইএলও’র ভূমিকার গুরুত্বের ওপর জোর দেন। এ ক্ষেত্রে সামাজিক সুরক্ষা কার্যক্রম, যেমন স্বল্পমূল্যে চিকিৎসা, দুর্ঘটনা বীমা প্রভৃতি কার্যক্রমে আইএলও সহায়ক ভূমিকা রাখতে পারে।

প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বৈঠকে বলেন, সরকার নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার ও শ্রম অধিকার রক্ষায় সচেষ্ট। জনগণের প্রতি দায়িত্ববোধ থেকেই কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও শ্রম অধিকার সমুন্নতকরণে কাজ করা হচ্ছে।

শ্রমমন্ত্রী আইএলও মহাপরিচালকের আগামী জুনে বাংলাদেশ সফরের সিদ্ধান্তকে স্বাগত জানান। বৈঠকে জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহান এবং শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুস সামাদ আজাদও উপস্থিত ছিলেন।

জাতীয় শীর্ষ সংবাদ