খেলাধুলা ডেস্ক
২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। প্রধান কোচ হোসাম হাসানের অধীনে ঘোষিত এই স্কোয়াডে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দলে খেলা ১৮ বছর বয়সী স্ট্রাইকার হামজা আবদেলকারিম। জাতীয় দলের হয়ে এখনো অভিষেক না হওয়া এই তরুণ ফরোয়ার্ড মিশরের অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ১৭ ম্যাচে ১২টি গোল করে নজর কেড়েছিলেন।
তরুণ প্রতিভাকে সুযোগ দিতে গিয়ে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে ফরাসি ক্লাব নঁতের অভিজ্ঞ ফরোয়ার্ড মোস্তফা মোহামেদকে। মিশরের হয়ে ৬১ ম্যাচে ১৪ গোল করা এই স্ট্রাইকারের বাদ পড়া দলের অন্যতম বড় সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।
প্রত্যাশিতভাবেই এই দলের নেতৃত্ব দেবেন তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। অভিজ্ঞ এই ফুটবলারের জন্য সম্ভবত এটিই হতে যাচ্ছে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। আক্রমণভাগে সালাহর প্রধান সহযোগী হিসেবে থাকবেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির তারকা উইঙ্গার ওমর মারমুশ।
ইতিহাসে এর আগে তিনবার বিশ্বকাপ মঞ্চে অংশ নিলেও এখনো কোনো জয়ের মুখ দেখেনি উত্তর আফ্রিকার এই দেশটি। সবশেষ ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপেও গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই পরাজয়ের তিক্ত স্বাদ নিয়ে বিদায় নিতে হয়েছিল তাদের। এবার সেই খরা কাটানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে ‘ফারাও’রা।
বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি নিতে আজ থেকে কায়রোর ন্যাশনাল টিমস সেন্টারে নিবিড় প্রশিক্ষণ ক্যাম্প শুরু করছে মিশর দল। আগামী ২৮ মে কায়রোর নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল স্টেডিয়ামে রাশিয়ার বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে তারা। এরপর ৩০ মে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবে দলটি। সেখানে ৬ জুন ওহাইওর ক্লিভল্যান্ডে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে নিজেদের শেষ প্রীতি ম্যাচ খেলবে হোসাম হাসানের শিষ্যরা। ফিফার নিয়ম অনুযায়ী চূড়ান্ত স্কোয়াড ২৬ জনের হওয়ায় এই ম্যাচগুলোর পর প্রাথমিক দল থেকে একজন খেলোয়াড়কে বাদ দেওয়া হবে।
আসন্ন বিশ্বকাপে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ‘জি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে মিশর। আগামী ১৫ জুন সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। এরপর ২২ জুন ভ্যাঙ্কুভারে নিউ জিল্যান্ড এবং ২৭ জুন সিয়াটলে ইরানের মুখোমুখি হবে তারা।
মিশরের ২৭ সদস্যের প্রাথমিক দল:
গোলরক্ষক: মোহামেদ এল শেনাওয়ি, মোস্তফা শোবেইব, এল মাহদি সোলেমান, মোহামেদ আলা।
রক্ষণভাগ: মোহামেদ হ্যানি, তারেক আলা, হামদি ফাথি, রামি রাবিয়া, ইয়াসের ইব্রাহিম, হোসাম আবদেলমাগুইদ, মোহামেদ আবদেলমোনেম, আহমেদ ফাতুহ, কারিম হাফেজ।
মধ্যমাঠ: মারওয়ান আত্তিয়া, মোহানাদ লাশিন, নাবিল ইমাদ দোনগা, মাহমুদ সাবের, আহমেদ সায়েদ জিজো, ইমাম ashour, মোস্তফা আবদেল রউফ জিকো, মাহমুদ ত্রেজেগে, ইব্রাহিম আদেল, হাইসেম হাসান।
আক্রমণভাগ: ওমর মারমুশ, মোহাম্মদ সালাহ (অধিনায়ক), আকতাই আবদুল্লাহ, হামজা আবদেলকারিম।


