জাতীয় ডেস্ক
সরকার অবাস্তব প্রতিশ্রুতি বা পন্থায় বিশ্বাসী নয় বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। ২১ মে চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে জনগণের ক্ষমতায়ন এবং নাগরিক অধিকারের ওপর বিশেষ জোর দেন। তিনি উল্লেখ করেন, জনপ্রতিনিধি হিসেবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে পুনরায় তাঁদের ম্যান্ডেট পাওয়ার লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আত্মবিশ্বাসের সঙ্গে যেন জনগণের কাছে ভোট প্রার্থনা করা যায়, সেই অবস্থান বজায় রাখতে প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা উদ্ধৃত করে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন বলেন, “এ দেশের প্রকৃত মালিক জনগণ। রাষ্ট্রীয় সেবা নিতে এসে নাগরিকরা যেন কোনো প্রকার হয়রানির শিকার না হন, বরং সম্মান ও আন্তরিকতা পান—সেটিই আমাদের মূল লক্ষ্য।” তিনি সরকারি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
ভূমি ব্যবস্থার আধুনিকায়ন ও নাগরিক ভোগান্তি হ্রাসের বিষয়টি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ সকল দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে দুর্নীতি ক্রমান্বয়ে শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে। ভূমি সংক্রান্ত সেবাগুলোকে সম্পূর্ণ ভোগান্তিমুক্ত ও গতিশীল করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নাধীন রয়েছে। এই সংস্কার কার্যক্রম সফল হলে দেশের বিচার ব্যবস্থার ওপর থেকে মামলার চাপ কমবে এবং গ্রামীণ অর্থনীতিতে স্থিতিশীলতা আসবে।
চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাপনী সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, জেলা পুলিশ সুপার মাসুদ আলম এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী। বক্তারা ভূমি সেবার মানোন্নয়নে জেলা ও উপজেলা প্রশাসনের ডিজিটালাইজেশন প্রক্রিয়া এবং মনিটরিং ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।


