আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবে হজের নির্ধারিত নিয়ম ও আইন লঙ্ঘনের অভিযোগে ১২ জন প্রবাসী এবং একজন স্থানীয় নাগরিককে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। মক্কার বিভিন্ন এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পবিত্র হজের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা এই পদক্ষেপ নিয়েছে।
সৌদি আরবের হজ নিরাপত্তা বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম অভিযানটি পরিচালিত হয় মক্কার দুর্গম পাহাড়ি রাস্তা ও উপত্যকা অঞ্চলে। সেখানে হজের প্রয়োজনীয় অনুমতিপত্র (পারমিট) ছাড়া অবৈধ উপায়ে মক্কায় প্রবেশের চেষ্টাকালে পাঁচজন তুর্কি নাগরিককে আটক করা হয়। আটকের পরপরই তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
দ্বিতীয় অভিযানে মক্কার নিরাপত্তা টহল দল একটি বড় ধরনের প্রতারক চক্রের সন্ধান পায়। এ সময় ভারত ও বাংলাদেশের চারজন প্রবাসী নাগরিককে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে হজের ভুয়া ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিয়ে আসছিলেন। তারা সাধারণ ধর্মপ্রাণ মানুষদের হজের পারমিট পাইয়ে দেওয়ার নামে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। অভিযান পরিচালনাকালে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ জাল কার্ড, ভুয়া নথিপত্র এবং জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করে পরবর্তী আইনি প্রক্রিয়া ও তদন্তের জন্য পাবলিক প্রসিকিউশনে স্থানান্তর করা হয়েছে।
তৃতীয় অভিযানে আবাসন ও পরিবহন আইন লঙ্ঘনের দায়ে একজন সৌদি নাগরিককে আটক করে নিরাপত্তা বাহিনী। ওই ব্যক্তি তিনজন আফগান নাগরিককে অবৈধভাবে ও আইন ফাঁকি দিয়ে মক্কায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলেন। তদন্তে দেখা গেছে, ওই তিন আফগান নাগরিকের কাছেও হজের কোনো বৈধ অনুমতিপত্র ছিল না।
চলতি হজ মৌসুমকে কেন্দ্র করে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নিরাপত্তা কর্তৃপক্ষ স্থানীয় নাগরিক ও প্রবাসীদের হজের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার জন্য পুনরায় আহ্বান জানিয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে, হজের পবিত্রতা ও হাজিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো ধরনের অননুমোদিত প্রবেশ বা প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে এবং নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে জেল, জরিমানা ও দেশান্তরের মতো কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
একই সঙ্গে, হজের শৃঙ্খলা বজায় রাখতে দেশটির সর্বস্তরের জনগণকে আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে। কোনো ধরনের নিয়ম লঙ্ঘন, জালিয়াতি বা সন্দেহজনক কর্মকাণ্ড নজরে এলে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দাদের ৯১১ নম্বরে এবং দেশের অন্যান্য অঞ্চলের বাসিন্দাদের ৯৯৯ নম্বরে ফোন করে দ্রুত তথ্য দেওয়ার জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ।


