পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে বগুড়াকে গড়ে তোলার ঘোষণা সমবায় প্রতিমন্ত্রীর

পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে বগুড়াকে গড়ে তোলার ঘোষণা সমবায় প্রতিমন্ত্রীর

জাতীয় ডেস্ক

নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের সব মহানগরকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রবিবার বেলা ১২টায় বগুড়া সিটি করপোরেশন হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের নাগরিকদের ভোগান্তি লাঘবে ফুটপাত দখলমুক্ত করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, সড়কে শৃঙ্খলা আনয়ন এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা অপরিহার্য। নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সাথে হকারদের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের জন্য পরিকল্পিত পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বস্ত করেন।

বগুড়া অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে সরকারের পক্ষ থেকে একগুচ্ছ মহাপরিকল্পনা ঘোষণা করেন প্রতিমন্ত্রী। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—বগুড়া ওয়াসা গঠন, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক) প্রতিষ্ঠা, আইন-শৃঙ্খলার উন্নয়নে মেট্রোপলিটন পুলিশ গঠন, মাটিডালী থেকে বনানী পর্যন্ত শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিস চালু, তিনটি গুরুত্বপূর্ণ রেলগেটে ওভারপাস নির্মাণ, সিরাজগঞ্জ-বগুড়া রেললাইন স্থাপন এবং একটি আধুনিক ফুটবল স্টেডিয়াম নির্মাণ। এই প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে উত্তরাঞ্চলের এই প্রধান বাণিজ্যিক শহরটি একটি তিলোত্তমা নগরীতে রূপান্তরিত হবে বলে আশা প্রকাশ করা হয়।

আসন্ন ঈদুল আজহা প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, ঈদের দিন উৎপাদিত কোরবানির বর্জ্য পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে অপসারণের জন্য দেশের সকল সিটি করপোরেশন ও পৌরসভাকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা কার্যক্রমের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য ও জেলা-উপজেলা প্রশাসকগণ সশরীরে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া তদারকি করবেন।

বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া-জয়পুরহাট এলাকার সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানা এবং জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। সভায় স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারের বিশেষ ভিজিএফ (ভিলেজ ফিডিং প্রোগ্রাম) কর্মসূচির চাল বিতরণ করেন এবং সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অভ্যন্তরীণ প্রশাসনিক বিষয়ে বৈঠক করেন।

জাতীয় শীর্ষ সংবাদ