জাতীয় ডেস্ক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান এবং সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
বাণীতে বিএনপি মহাসচিব বলেন, ঈদুল আজহা মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যার অন্তর্নিহিত মূল চেতনা হলো ত্যাগের মহিমা। আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের উদ্দেশ্যে মনের সব অশুভ ও কলুষতা পরিহার করে সহজ-সরল জীবনযাপন করাই এই উৎসবের মূল শিক্ষা। কোরবানির মহিমান্বিত শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণে নিজেদের উৎসর্গ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও উল্লেখ করেন, এই উৎসব মানুষের চিত্তবৃত্তি ও ঔদার্যকে প্রসারিত করে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবজাতিকে সম্প্রীতির অটুট বন্ধনে আবদ্ধ করে। এটি সামাজিক অন্ধকার দূর করে মানবিক আলোর দিশা দেখায়। ত্যাগের এই উৎসবে সমাজে সাম্য, উদারতা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পায়।
তিনি দেশের বিত্তবান ও সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঈদের আনন্দ ও ত্যাগের এই দিনে কায়েমি স্বার্থ পরিহার করে সমাজ ও রাষ্ট্রের অসহায়, নিরন্ন ও দুস্থ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। পরিশেষে, পবিত্র ঈদুল আজহা সবার জীবনে অনাবিল আনন্দ ও কল্যাণ বয়ে আনুক— মহান আল্লাহর দরবারে এই প্রার্থনা করেন বিএনপি মহাসচিব।


