খেলাধুলা ডেস্ক
কানাডার টরন্টো স্টেডিয়ামে বুধবার ‘এল’ গ্রুপের ম্যাচে পানামাকে ১-০ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় তুলে নিয়েছে ক্রোয়েশিয়া। এই পরাজয়ে টানা দুই ম্যাচ হেরে প্রতিযোগিতা থেকে পানামার বিদায় নিশ্চিত হয়েছে। অন্যদিকে, দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের তৃতীয় স্থানে থেকে নকআউট পর্বের রেসে টিকে রইল ক্রোয়াটরা। এই গ্রুপে সমান ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড ও ঘানা। নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দলের পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে।
ম্যাচটিতে ক্রোয়েশিয়ার জয়ের পাশাপাশি ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হয়েছে। এদিন ক্রোয়েশিয়ার জার্সি গায়ে নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলার অনন্য মাইলফলক স্পর্শ করেন ৪০ বছর বয়সী অভিজ্ঞ অধিনায়ক লুকা মদ্রিচ। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪-২ গোলে হেরে যাওয়া ক্রোয়েশিয়ার জন্য এই ম্যাচে জয় পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
খেলার প্রথমার্ধে বল নিয়ন্ত্রণে ক্রোয়েশিয়া এগিয়ে থাকলেও আক্রমণাত্মক কৌশলে প্রতিপক্ষকে চাপে রাখে পানামা। ম্যাচের ২৩তম মিনিটে পানামার নিশ্চিত একটি গোলের সুযোগ নসাৎ করে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ। আমির মুরিয়োর নিখুঁত ক্রস থেকে হোসে লুইস রদ্রিগেসের জোরাল হেড লিভাকোভিচের হাতে লেগে ক্রসবারে প্রতিহত হলে গোলবঞ্চিত হয় পানামা। ফলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধের শুরুতে পেটার মুসার পরিবর্তে বদলি খেলোয়াড় হিসেবে আন্তে বুদিমিরকে মাঠে নামান ক্রোয়াট কোচ। এই কৌশলগত পরিবর্তন ম্যাচের ৫৪তম মিনিটে সাফল্য এনে দেয়। ইয়োসিপ স্তানিসিচের নিখুঁত ক্রস থেকে দূরের পোস্টে চমৎকার ফিনিশিংয়ে বল জালে পাঠান বুদিমির। ১-০ গোলে পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে পানামা।
ম্যাচের ৬৮তম মিনিটে পানামা আরও একটি দারুণ সুযোগ তৈরি করলেও ৩১ বছর বয়সী ক্রোয়াট গোলরক্ষক লিভাকোভিচের দৃঢ়তায় তা ব্যর্থ হয়। মুরিয়োর জোড়া শট প্রতিহত করার পর কর্নার থেকে আসা কার্লোস হার্ভির বিপজ্জনক হেড এক হাত দিয়ে ক্রসবারের ওপর দিয়ে পার করে দেন তিনি। ম্যাচের বাকি সময়ে পানামা আর কোনো কার্যকর আক্রমণ গড়ে তুলতে না পারায় ন্যূনতম ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ২০১৮ সালের রানার্সআপরা।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী শনিবার বাংলাদেশ সময় রাতে ক্রোয়েশিয়া মুখোমুখি হবে ঘানার এবং একই সময়ে অন্য ম্যাচে পানামা প্রতিদ্বন্দ্বিতা করবে ইংল্যান্ডের বিরুদ্ধে।


