স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার আগে সরকারের সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন (ইসি)। এর পরই নির্বাচনের রোডম্যাপ তৈরি করবে সাংবিধানিক সংস্থাটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। নির্দলীয় স্থানীয় নির্বাচনে অনেক দল তাদের প্রার্থীর নামও ঘোষণা করেছে। ইসি সূত্র জানিয়েছেন, নির্বাচনের সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাজেটসহ বিভিন্ন বিষয়ে সরকারের সবুজ সংকেত পাওয়ার পরই তফসিল ঘোষণা করবে ইসি। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী অক্টোবর থেকে ধাপে ধাপে দেশের ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলাসহ স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে ভোট গ্রহণ করার কথা রয়েছে। তবে ভোটের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের সঙ্গে নীতিগত আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইসি কর্মকর্তারা বলছেন, সবকিছু ঠিক থাকলে সরকারের সঙ্গে বৈঠকের পর আগস্টের শেষভাগে বা সেপ্টেম্বরের শুরুতে নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করতে পারে ইসি। ১২ ফেব্রুয়ারি দেশে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে একটি জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে ইসি বড় পরিসরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
ইসি কর্মকর্তারা বলছেন, এবার স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকের পরিবর্তে সম্পূর্ণ নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। এজন্য নির্বাচনি বিধিমালা ও আচরণবিধি সংশোধনের যে কাজ চলছে, তার অগ্রগতি সরকারকে অবহিত করা হবে। এ ছাড়া সারা দেশে একসঙ্গে বা ধাপে ধাপে ভোট করার ক্ষেত্রে পর্যাপ্তসংখ্যক পুলিশ, আনসার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনী মোতায়েনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করার বিষয়েও আলোচনা হবে। নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা এবং মাঠপর্যায়ে জেলা ও উপজেলা প্রশাসনের সক্রিয় সহযোগিতা পাওয়ার বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে ইসি।বিস্তারিত


