ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ১৮(ক) ধারা বিলোপের সিদ্ধান্ত

ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ১৮(ক) ধারা বিলোপের সিদ্ধান্ত

অর্থ ও বাণিজ্য ডেস্ক

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের সমাপনী আলোচনায় ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ১৮(ক) ধারাটি বিলোপের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। সোমবার বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান। একই সঙ্গে একীভূত পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের আমানতকারীদের অর্থ উত্তোলনের সীমা ও পদ্ধতি নির্ধারণ করা হয়েছে।

এর আগে অন্তর্বর্তী সরকারের করা ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশটি আইনে পরিণত করার সময় ১৮(ক) ধারাটি যুক্ত করা হয়েছিল। এই ধারার অধীনে কোনো ব্যাংক রেজোল্যুশনের আওতায় যাওয়ার পূর্ববর্তী শেয়ারহোল্ডারদের পুনরায় সংশ্লিষ্ট ব্যাংকের শেয়ার, সম্পদ ও দায় নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদনের সুযোগ দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় ব্যাংক চাইলে অন্য কোনো উপযুক্ত ব্যক্তিকেও এই সুবিধা দিতে পারত। ধারাটি যুক্ত হওয়ার পর সংসদ ও আর্থিক খাতে তীব্র বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে, বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠীর হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরিয়ে দিতেই এই ধারা অন্তর্ভুক্ত করা হয়েছিল। ধারাটি বিলোপের মাধ্যমে ব্যাংকিং খাতে জবাবদিহি নিশ্চিত এবং জনগণের সম্পদ লুণ্ঠনকারীদের ছাড় না দেওয়ার বার্তা দেওয়া হয়েছে।

আর্থিক খাতের শৃঙ্খলা ফেরানোর অংশ হিসেবে একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের (সম্মিলিত ইসলামী ব্যাংক) গ্রাহকদের অর্থ ফেরতের বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা ঘোষণা করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যক্তিগত আমানতকারীরা তাদের চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে প্রাথমিকভাবে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। অবশিষ্ট আমানত ধাপে ধাপে ফেরত দেওয়া হবে। তবে বিশেষ মানবিক বিবেচনায় ক্যানসার ও কিডনি ডায়ালাইসিস রোগী, হজ সঞ্চয়কারী এবং ডিপিএস গ্রাহকদের জন্য এই সীমার বাইরে বিশেষ সুবিধা রাখা হয়েছে।

বাজেট বাস্তবায়ন প্রসঙ্গে অর্থমন্ত্রী উল্লেখ করেন, বাজেটের প্রকৃত সাফল্য নির্ভর করে এর কার্যকর বাস্তবায়নের ওপর। সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রাতিষ্ঠানিক সংস্কার, জবাবদিহি এবং সরকারি দপ্তরগুলোর বাস্তবায়ন দক্ষতা বৃদ্ধির ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আর্থিক খাতের সংস্কার ও আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারই এই আইনি পরিবর্তনের মূল লক্ষ্য।

অর্থ বাণিজ্য শীর্ষ সংবাদ