পূর্বাচলে ৪টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র স্থাপনের উদ্যোগ

পূর্বাচলে ৪টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র স্থাপনের উদ্যোগ

অপরাধ ডেস্ক

পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চারটি থানা ও ছয়টি তদন্ত কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বুধবার সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ‘বরকাউ পুলিশ ক্যাম্প’-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

আইজিপি জানান, পূর্বাচল অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধীনে চারটি থানা, ছয়টি তদন্ত কেন্দ্র, দুটি পুলিশ লাইনস, তিনটি উপ-কমিশনারের (ডিসি) কার্যালয় এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে। এই অবকাঠামো নির্মাণের লক্ষ্যে পুলিশের অনুকূলে ইতোমধ্যে ২৯.২১ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে ১৮.৬৩ একর জমির আইনি রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, পূর্বাচল নতুন শহরকে পূর্ণাঙ্গভাবে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি পৃথক বিভাগ গঠন করা হবে। এই নতুন নিরাপত্তা জোনের জন্য প্রায় ছয় হাজার ৫২৪ জন পুলিশ সদস্যের নতুন জনবল ও পদ সৃষ্টির পরিকল্পনাও প্রক্রিয়াধীন রয়েছে। ক্রমবর্ধমান আবাসন ও শিল্পায়নের নিরাপত্তা নিশ্চিত করতেই এই দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জাতীয় শীর্ষ সংবাদ