লোডশেডিং মোকাবেলা ও দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের ঘোষণা

লোডশেডিং মোকাবেলা ও দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের ঘোষণা

জাতীয় ডেস্ক

বৈশ্বিক বাজারের সঙ্গে সংগতি রেখে দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য তাৎক্ষণিকভাবে হ্রাস করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার দুপুরে যশোর সার্কিট হাউজে জেলা পল্লী বিদ্যুৎ সমিতি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশে ব্যবহৃত এলপিজি গ্যাসের প্রায় ৯৮ শতাংশই আমদানির ওপর নির্ভরশীল এবং এই খাতটি সম্পূর্ণভাবে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হয়। মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছিল। তবে আন্তর্জাতিক বাজারে দামের যেকোনো পরিবর্তনের সাথে সাথেই অভ্যন্তরীণ বাজারেও মূল্য সমন্বয় করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার উল্লেখযোগ্য পরিমাণে মূল্য হ্রাস করা হয়েছে। ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে সুযোগ তৈরি হলে জনগণের স্বস্তির কথা বিবেচনা করে পর্যায়ক্রমে জ্বালানির দাম আরও কমানো হবে বলে তিনি আশ্বস্ত করেন।

গ্রীষ্মকালীন লোডশেডিং এবং ভুতুড়ে বিদ্যুৎ বিল সংক্রান্ত গ্রাহকদের ভোগান্তি ও অভিযোগের বিষয়েও প্রতিমন্ত্রী কথা বলেন। তিনি জানান, তীব্র গরমের এই সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের কিছু কিছু জায়গা থেকে বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়মের অভিযোগ আসার প্রেক্ষিতে প্রতিটি বিদ্যুৎ কার্যালয়ে বিশেষ অভিযোগ কেন্দ্র (কমপ্লেইন্ট সেন্টার) স্থাপন করা হয়েছে। গ্রাহকদের যেকোনো সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণের সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে, শুক্রবার সকালে যশোর উপশহরে সোনালী ব্যাংকের নিজস্ব জমিতে এক হাজার বৃক্ষ রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজার্স অফিস, যশোর এই পরিবেশবান্ধব কর্মসূচির আয়োজন করে।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে পরিবেশের ভারসাম্য রক্ষায় সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ১৯৯১ সালে তৎকালীন সরকারপ্রধান বেগম খালেদা জিয়া দেশে বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিয়েছিলেন, যার ধারাবাহিকতা আজও বিদ্যমান। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।

সোনালী ব্যাংক যশোর অঞ্চলের ব্যবস্থাপক ইকবাল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, সোনালী ব্যাংক যশোর করপোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মনিরুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মশিয়ার রহমান এবং জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের নেতৃবৃন্দ।

জাতীয় শীর্ষ সংবাদ