আন্তর্জাতিক ডেস্ক
কানাডার অ্যালবার্টা প্রদেশের ক্যালগেরি শহরে শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম রোডিও উৎসব ‘ক্যালগেরি স্ট্যাম্পিড’। ১৯১২ সালে যাত্রা শুরু করা ঐতিহ্যবাহী এই কাউবয় উৎসবটি শহরটির ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম প্রতীক। ৩ জুলাই থেকে শুরু হওয়া ১০ দিনব্যাপী এই উৎসব আগামী ১৩ জুলাই পর্যন্ত চলবে। বিশ্বজুড়ে সমাদৃত বড় বাজেটের এই জমকালো উৎসবে এবারই প্রথম বারের মতো বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে অংশ নিয়েছে এবং স্ট্যাম্পিড প্যারেডে দেশের প্রতিনিধিত্ব করেছে।
বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির (বিসিএসি) বিশেষ উদ্যোগে প্রবাসী বাংলাদেশিরা এই বর্ণাঢ্য উৎসবে অংশ নেন। প্যারেডে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে বিশ্ববিখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, ভাষা আন্দোলনের প্রতীক কেন্দ্রীয় শহীদ মিনার, মহান মুক্তিযুদ্ধের স্মারক সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের চারুকলা প্রদর্শনী প্রদর্শন করা হয়। প্যারেড চলাকালীন লাল-সবুজ পতাকা প্রদর্শনীর মাধ্যমে উৎসবে উপস্থিত লক্ষাধিক আন্তর্জাতিক দর্শকের কাছে বাংলাদেশের স্বতন্ত্র পরিচিতি তুলে ধরা হয়।
আয়োজক সংগঠনের কর্মকর্তারা জানান, বাংলাদেশের নিজস্ব ও সমৃদ্ধ একটি সাংস্কৃতিক বলয় রয়েছে। বিশ্বমঞ্চে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি প্রবাসী নতুন প্রজন্মকে এই বৈশ্বিক উৎসবের সঙ্গে সম্পৃক্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ধরনের অংশগ্রহণ প্রবাসী নতুন প্রজন্মের মাঝে নিজস্ব সংস্কৃতি চর্চা ও তা প্রজন্ম থেকে প্রজন্মে ধারণ করার ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে। একই সাথে তা বহুমাত্রিক সংস্কৃতির দেশ কানাডায় বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।


