জাতীয় ডেস্ক
আগামী পাঁচ বছরের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। পরিবেশের ভারসাম্য রক্ষায় বর্তমান সরকার সৌর বিদ্যুৎ উৎপাদনের ওপর বিশেষ মনোনিবেশ করেছে। আজ শনিবার সকালে যশোর জিলা স্কুল মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও বিদ্যালয়ের ১০ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই তথ্য জানান।
প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোর শিক্ষা বোর্ডের উদ্যোগে এ দিন এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, অতীতে দেশের বিদ্যুৎকেন্দ্রগুলো মূলত ডিজেল ও ফার্নেস অয়েল-নির্ভর ছিল। পরবর্তীতে তা গ্যাস ও কয়লাভিত্তিক করা হলেও এগুলো প্রকৃতির ক্ষতি সাধন করছে। টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে সরকার এখন পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির দিকে নজর দিচ্ছে। এই লক্ষ্য অর্জনে চলতি বাজেটে ইলেকট্রিক বাইকে ২০৩১ সাল পর্যন্ত শুল্ক-কর ছাড় দেওয়া হয়েছে। একই সঙ্গে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে একটি সুনির্দিষ্ট নীতিমালা গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর বর্জ্যকে বিদ্যুৎ উৎপাদনের উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হবে।
শিক্ষা খাতের আধুনিকায়ন প্রসঙ্গে শিক্ষকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তির সমন্বয়ে পাঠদানকে আনন্দময় করে তোলাই বর্তমান সরকারের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহী করে তুলতে শিক্ষকদের আধুনিক ও আনন্দদায়ক শিক্ষাদান পদ্ধতির ওপর জোর দেওয়ার আহ্বান জানান তিনি। একই সাথে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে অর্জিত মেধা ও যোগ্যতাকে বাংলাদেশ পুনর্গঠনে কাজে লাগাতে হবে। কোনো ধরনের ভুল পথ বা নেতিবাচক প্রলোভনে পা না দিয়ে নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি পরামর্শ দেন।
যশোর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় ১৩ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর যশোর জিলা স্কুলে ১০ তলা একাডেমিক ভবনটি নির্মাণ করছে। ভবনটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী নির্মাণস্থল পরিদর্শন করেন। পরে তিনি জিলা স্কুল মাঠে শিক্ষা বোর্ড আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন।
অনুষ্ঠানসমূহে প্রতিমন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফারুকে আযম মু. আব্দুস ছালাম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু এবং নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


