জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক

জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন ‘ইউএন-কপস’-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে তিনি পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ৫ জুলাই দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। সফর শেষে আগামী ১২ জুলাই দেশে ফিরবেন তিনি।

আগামী ৭ ও ৮ জুলাই জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রধান এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞরা অংশ নেবেন। সফরকালে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ৮ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদ হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্লেনারি সেশনে অংশ নেবেন।

এবারের সম্মেলনে বিশ্বব্যাপী আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে তিনটি মূল বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে। এগুলো হলো— ‘জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা’, ‘জাতিসংঘ পুলিশিংয়ে উদ্ভাবন ও নতুন প্রযুক্তির ব্যবহার’ এবং ‘আন্তঃদেশীয় নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি’। এ ছাড়া সম্মেলনের সাইডলাইন ইভেন্ট হিসেবে আয়োজিত একটি উচ্চপর্যায়ের নৈশভোজেও স্বরাষ্ট্রমন্ত্রী অংশ নেবেন বলে জানা গেছে।

নিউইয়র্ক সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এর মধ্যে জাতিসংঘের অপারেশনাল সাপোর্ট বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, পিস অপারেশনস বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া এবং পলিটিক্যাল ও পিস বিল্ডিং বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ. ডিকার্লোর সঙ্গে তাঁর পৃথক বৈঠক করার কথা রয়েছে।

এসব গুরুত্বপূর্ণ বৈঠকে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অসামান্য অবদান নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি জাতিসংঘ মিশনে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ বৃদ্ধি, পুলিশ বাহিনীর পেশাগত সক্ষমতা উন্নয়ন, বিশেষায়িত পুলিশ ইউনিট (এফপিইউ) মোতায়েন, শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ অগ্রাধিকার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু স্থান পাবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে গঠিত এই পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলে আরও অন্তর্ভুক্ত রয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো মনে করছে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এই সম্মেলন বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ দীর্ঘকাল ধরে শীর্ষ অবদানকারী দেশগুলোর অন্যতম। এই সফরের মাধ্যমে জাতিসংঘে বাংলাদেশের অবস্থান যেমন আরও সুদৃঢ় হবে, তেমনি বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

জাতীয় শীর্ষ সংবাদ