জাতীয় ডেস্ক
ছয় দিনের বিরতি শেষে আজ মঙ্গলবার বিকেল ৩টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (বাজেট অধিবেশন-২০২৬) কার্যক্রম পুনরায় শুরু হবে। জাতীয় সংসদ ভবনে স্পিকারের সভাপতিত্বে এই অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত ৩০ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাসের পর সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছিল। চলতি অধিবেশনে ইতিমধ্যে নতুন অর্থবছরের প্রধান অর্থ বিলসহ সংশ্লিষ্ট বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল সংসদের অনুমোদন লাভ করেছে।
এর আগে গত ১১ জুন সংসদে নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপন করা হয়। এরপর দীর্ঘ সময় ধরে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন। আলোচনায় দেশের সামষ্টিক অর্থনীতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, নির্বাচন ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ও নীতিগত ইস্যু বিস্তারিতভাবে উঠে আসে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বাজেট পাস ও অর্থ বিল অনুমোদনের প্রধান প্রক্রিয়াগুলো সম্পন্ন হলেও অধিবেশনে এখনো বেশ কিছু সরকারি ও বেসরকারি বিলের ওপর আলোচনা এবং স্থায়ী কমিটির প্রতিবেদন উপস্থাপনের কাজ বাকি রয়েছে। অধিবেশনের অবশিষ্ট কার্যদিবসে এসব এজেন্ডা ও সমসাময়িক জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনা সম্পন্ন করা হবে।


