৩০ নভেম্বরের মধ্যে নতুন পাঠ্যবই প্রস্তুতের নির্দেশ, ডিসেম্বরেই বিতরণের পরিকল্পনা সরকারের

৩০ নভেম্বরের মধ্যে নতুন পাঠ্যবই প্রস্তুতের নির্দেশ, ডিসেম্বরেই বিতরণের পরিকল্পনা সরকারের

শিক্ষা ডেস্ক

আগামী শিক্ষাবর্ষের (২০২৭) নতুন পাঠ্যবই আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রস্তুত করার নির্দেশনা দিয়েছে সরকার। নির্ধারিত সময়ের মধ্যে বই মুদ্রণ সম্পন্ন করে ডিসেম্বর মাসেই শিক্ষার্থীদের হাতে তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সোমবার (৬ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানান, নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে সময়মতো পাঠ্যবই পৌঁছে দিতে ডিসেম্বর মাসে অনুষ্ঠিতব্য বার্ষিক পরীক্ষার সময়ই তা বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যে নতুন পাঠ্যপুস্তক প্রস্তুতের সব কার্যক্রম সম্পন্ন করতে হবে।

বই মুদ্রণের অগ্রগতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমানে দরপত্র প্রক্রিয়া চলমান রয়েছে এবং আগামী আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই সব কার্যাদেশ চূড়ান্ত করা হবে। কার্যাদেশ পাওয়ার পরপরই সংশ্লিষ্ট প্রকাশকরা বই ছাপানোর কাজ শুরু করবেন। মুদ্রণ ও বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে তদারকির জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সমন্বিতভাবে কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যে বই বিতরণে সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

শিক্ষামন্ত্রী আরও জানান, আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের বিদ্যমান শিক্ষাক্রমে কিছু পরিমার্জন আনা হচ্ছে, যা পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।

জাতীয় শীর্ষ সংবাদ