টেলিটক বিক্রি নয়, আধুনিকায়নের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ সরকারের

টেলিটক বিক্রি নয়, আধুনিকায়নের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ সরকারের

অর্থ ও বাণিজ্য ডেস্ক

রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক বিক্রি না করে আধুনিকায়নের মাধ্যমে প্রতিযোগিতায় সক্ষম করে তোলার ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি জানান, প্রতিষ্ঠানটির সেবার মানোন্নয়ন ও বাজার প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে প্রয়োজনীয় আপগ্রেডেশন বা আধুনিকায়নের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। একই সাথে বেসরকারি মোবাইল অপারেটরগুলোর সাথে শিগগিরই আনুষ্ঠানিক বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত আইসিটি টাওয়ারে গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। সভায় গ্রাহক স্বার্থ রক্ষা, মোবাইল সেবার মানোন্নয়ন এবং তথ্যপ্রযুক্তি খাতের সামগ্রিক অবকাঠামোগত সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

গ্রাহক সেবার মান নিয়ে আলোচনা করতে গিয়ে মোবাইল ব্যালেন্স থেকে অজান্তে টাকা কেটে নেওয়া, কল বা ইন্টারনেট প্যাকেজের মেয়াদ শেষ হওয়া এবং গ্রাহক অসন্তোষের বিষয়গুলো উঠে আসে। বিশেষ করে, নির্দিষ্ট মেয়াদের মধ্যে ইন্টারনেট বা টকটাইম ব্যবহার করতে না পারলে তা বাতিল হয়ে যাওয়ার ব্যাপারে ক্ষোভ রয়েছে সাধারণ গ্রাহকদের। এই প্রসঙ্গে মন্ত্রী জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ইতিমধ্যে গ্রাহকদের এ ধরনের সুনির্দিষ্ট অভিযোগগুলো নিয়ে পর্যালোচনা করছে। মোবাইল অপারেটরদের নিজস্ব ব্যবসায়িক নীতিমালার বিষয়টি বিবেচনায় রেখেও, সরকার গ্রাহক স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিটিআরসির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সভায় টেলিযোগাযোগ খাতের পাশাপাশি ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’, চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, দেশে পেপাল সেবা চালুর সম্ভাবনা, আইসিটি অবকাঠামো উন্নয়ন এবং সাইবার নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ খাতগুলো নিয়ে আলোচনা করা হয়। তথ্যপ্রযুক্তি খাতের টেকসই রূপান্তরের জন্য গণমাধ্যমের সাথে সমন্বয় রক্ষা করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সরকার।

অর্থ বাণিজ্য শীর্ষ সংবাদ