প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ: বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ: বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

শিক্ষা ডেস্ক

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এতে ট্যালেন্টপুল ও সাধারণ কোটা মিলিয়ে দেশের মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

আজ দুপুর সাড়ে ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোট বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৩২ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) এবং ৪৬ হাজার ২৮১ জন শিক্ষার্থী সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, ফলাফলের বিস্তারিত তথ্য নির্ধারিত ওয়েবসাইটে আপলোডের প্রক্রিয়া শুরু হয়েছে। পরবর্তী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে আপলোড কার্যক্রম সম্পন্ন হলে সংশ্লিষ্ট সকলেই ফলাফল দেখতে পারবেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জাতীয় শীর্ষ সংবাদ