ভারী বর্ষণে পরীক্ষা স্থগিতের আভাস শিক্ষামন্ত্রীর, প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

ভারী বর্ষণে পরীক্ষা স্থগিতের আভাস শিক্ষামন্ত্রীর, প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

জাতীয়  ডেস্ক

চলমান প্রতিকূল আবহাওয়া গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজন হলে যেকোনো পরীক্ষা স্থগিত করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রবিবার (১২ জুলাই) প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এ বিষয়ে জেলা প্রশাসকদের (ডিসি) সাথে সার্বিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় উপদেষ্টা ও সচিবদের সাথে আলোচনা চলছে। সর্বশেষ আবহাওয়া প্রতিবেদনের ওপর ভিত্তি করে এবং ৬৪ জেলার ডিসি ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সাথে কথা বলে পরীক্ষা আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরিস্থিতি অনুযায়ী পরীক্ষার সময়সূচি নিয়মিত হালনাগাদ করার পাশাপাশি পিছিয়ে যাওয়া পরীক্ষাগুলো পরবর্তীতে সুবিধাজনক সময়ে গ্রহণের পরিকল্পনা সরকারের রয়েছে।

একই সংবাদ সম্মেলনে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এবার মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এর মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন (৪৫.২৯ শতাংশ) এবং ছাত্রী ৪৩,৩৫৪ জন (৫৪.৭১ শতাংশ)।

মন্ত্রী জানান, আনুষ্ঠানিক ঘোষণার পর ফলাফল ওয়েবসাইটে আপলোডের কাজ শুরু হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের তথ্যমতে, পুরো আপলোড প্রক্রিয়া সম্পন্ন হতে আনুমানিক দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগবে। প্রক্রিয়াটি শেষ হলে পর্যায়ক্রমে সব জেলা ও উপজেলার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা ওয়েবসাইটে পাওয়া যাবে।

এছাড়া, মোবাইল ফোনের মাধ্যমে ফলাফল জানতে নির্ধারিত নম্বর ১৬২২২-এ খুদে বার্তা (এসএমএস) পাঠানোর প্রক্রিয়া চালু করা হয়েছে।

জাতীয় শীর্ষ সংবাদ