ঢাকার আমিনবাজার ও মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার আমিনবাজার ও মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

অর্থ ও বাণিজ্য ডেস্ক

ঢাকার আমিনবাজার এবং মাতুয়াইলে পরিবেশবান্ধব বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দুটি দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা প্রদান করেন। নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্প দুটির বাস্তবায়ন এবং আধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

বৈঠকে জানানো হয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিনিয়োগ করছে চীনের সিএমইসি গ্রুপ। এই প্রকল্পে প্রতিদিন প্রায় ৩ হাজার টন বর্জ্য ব্যবহার করে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। ২০২৮ সালের আগস্টের মধ্যে এই কেন্দ্রটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে এবং পরবর্তী ২৫ বছর এখান থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মাতুয়াইলে দক্ষিণ কোরিয়ার বিঅ্যান্ডএফ কোম্পানি একটি বৃহৎ বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে প্রতিদিন ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টন বর্জ্য ব্যবহার করে বছরে ১ লাখ ৫ হাজার টন মিথেন গ্যাস উৎপাদন করা হবে, যা থেকে বার্ষিক প্রায় ৮১ হাজার মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ মিলবে।

প্রকল্প দুটির গতি ত্বরান্বিত করতে স্থানীয় সরকার, বিদ্যুৎ এবং পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই সমন্বিত উদ্যোগের ফলে প্রকল্প বাস্তবায়নের আইনি ও কারিগরি জটিলতা দ্রুত নিরসন হবে বলে আশা করা হচ্ছে।

উক্ত বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থ বাণিজ্য শীর্ষ সংবাদ