বিনোদন ডেস্ক
আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’-এর ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ। দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর চূড়ান্ত আসরে তিনি বিজয়ী নির্বাচিত হয়েছেন।
শনিবার (১১ জুলাই) ঢাকার র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মল্লিকা হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। বিচারকদের চূড়ান্ত মূল্যায়নে সামানজার সাঈদকে বিজয়ী ঘোষণা করে তার মাথায় মুকুট পরিয়ে দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানারআপের স্থান অর্জন করেছেন লাবিবা মনজুর।
‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’ (এএমটিসি) আয়োজিত এবারের আসরে প্রতিযোগীদের কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, বরং তাদের বুদ্ধিমত্তা, নেতৃত্ব দানের ক্ষমতা, আত্মবিশ্বাস ও সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলোকে মূল্যায়নের অন্যতম মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়েছে। গ্র্যান্ড ফিনালের বিচারক প্যানেলে দায়িত্ব পালন করেন শিরিন আক্তার শিলা, রাফা নানজীবা তোরসা, হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান, মেহরিন আফরোজ চৌধুরী এবং এফা তাবাসসুম।
শিরোপা জয়ের পর সামানজার সাঈদ আন্তর্জাতিক মঞ্চের জন্য প্রস্তুতি শুরু করেছেন। আগামী কয়েক সপ্তাহ তিনি ব্যক্তিত্বের বিকাশ, আন্তর্জাতিক স্তরে উপস্থাপনা দক্ষতা এবং ‘বিউটি উইথ আ পারপাস’ প্রকল্পের আওতায় বিভিন্ন সামাজিক ও মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ নেবেন, যা মূল প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আগামী ৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন সিটিতে ৭৫তম ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার মূল পর্ব শুরু হতে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে সামানজার সাঈদ সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। আগামী ৫ সেপ্টেম্বর প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


